২২ জুলাই ২০২৬, ০৮:৫৪

ম্যানেজিং কমিটির মাধ্যমে কর্মচারী নিয়োগের পরিপত্র বাতিলের দাবি

এমপিওভুক্ত চতুর্থ শ্রেণী কর্মচারী পরিষদ  © টিডিসি সম্পাদিত

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মচারী নিয়োগে জেলা প্রশাসকদের (ডিসি) নেতৃত্বে নিয়োগ সুপারিশ কমিটি গঠনের নির্দেশনা দিয়ে জারি করা অন্তর্বর্তী সরকারের আলোচিত পরিপত্র বাতিল করা হয়েছে। ফলে কর্মচারী নিয়োগে সুপারিশের ক্ষমতা ফের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির কাছেই ফিরে গেল। সরকারের এমন সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে এমপিওভুক্ত চতুর্থ শ্রেণী কর্মচারী পরিষদ।

বুধবার (২২ এপ্রিল) সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির মাধ্যমে কর্মচারী নিয়োগের নতুন পরিপত্র বাতিলের দাবি জানানো হয়। এতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মচারী পদে নিয়োগ সুপারিশের দায়িত্ব পুনরায় ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে ফিরিয়ে দেওয়ায় গভীর উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষা অনুরাগী, সচেতন অভিভাবক মহল এবং এমপিওভুক্ত চতুর্থ শ্রেণি কর্মচারী পরিষদের কেন্দ্রীয় নেতারা।

যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এমপিওভুক্ত চতুর্থ শ্রেণি কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান এবং মহাসচিব মো. কামরুল খান এ দাবি জানিয়ে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে জেলা প্রশাসকদের (ডিসি) মাধ্যমে নিয়োগ দেওয়ার যে সিদ্ধান্ত পূর্বের পরিপত্রে নেওয়া হয়েছিল, তা সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছিল। কর্মচারী সমাজও এ সংস্কারমূলক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছিল।

আরও পড়ুন: ৬ মাসেও শুরু হবে না মাদ্রাসা শিক্ষকদের বদলি কার্যক্রম’

তারা বলেন, অত্যন্ত দুঃখের বিষয়, শিক্ষা মন্ত্রণালয় সেই ইতিবাচক পরিপত্রটি বাতিল করে পুনরায় স্থানীয় ম্যানেজিং কমিটির হাতে নিয়োগের ক্ষমতা অর্পণ করেছে। নেতৃবৃন্দ অভিযোগ করেন, স্থানীয়ভাবে ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া হলে ১৫ থেকে ২০ লাখ টাকার বিশাল ঘুষ বাণিজ্যের সুযোগ তৈরি হয় এবং এলাকায় অপ্রয়োজনীয় বিশৃঙ্খলা সৃষ্টি হয়—যা মানসম্মত শিক্ষার মূল অন্তরায়।

তারা দাবি জানিয়ে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের স্বার্থে এই নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা অতীব জরুরি। এর ঘুস বাণিজ্য বন্ধ ও স্বচ্ছতা নিশ্চিতে করতে ম্যানেজিং কমিটির নিয়োগ সংক্রান্ত পরিপত্রটি অবিলম্বে বাতিল করে পুনরায় জেলা প্রশাসকদের (ডিসি) মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চালুর দাবি জানান তারা। 

বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়, শিক্ষা মন্ত্রণালয় দ্রুততম সময়ের মধ্যে এ বিতর্কিত পরিপত্র বাতিল করে জেলা প্রশাসকদের মাধ্যমে নিয়োগের সিদ্ধান্ত বহাল রাখবে। অন্যথায়, কর্মচারীদের স্বার্থ ও শিক্ষার পরিবেশ রক্ষায় ভবিষ্যতে বৃহত্তর কঠোর কর্মসূচি ও আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুশিয়ারি দেন তারা।