২১ জুলাই ২০২৬, ১৮:০৩

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো অধিদপ্তরের আওতায় আসছে

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ  © ফাইল ফটো

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আগামীতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নজরদারিতে আসবে। এর ফলে অধিদপ্তরের পাশাপাশি ডিডি, ডিপিও, এটিইওদের দায়িত্ব আরও বাড়বে।

মঙ্গলবার (২১ জুলাই) অধিকতর মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে কর্মকর্তাদের করণীয় বিষয়ে ঢাকা জেলার প্রাথমিকের সব স্তরের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিডি, ডিপিও, এটিইওদের উদ্দেশে ববি হাজ্জাজ বলেন, আগামীতে আপনাদের দায়িত্ব বাড়বে, অবস্থার উন্নতি হবে, বেতন-ভাতা সামাজিক অবস্থা বাড়বে, পাশাপাশি দায়িত্বও বাড়বে। প্রাইভেট স্কুলগুলো আপনাদের অধীনে আসবে। আপনাদের মনিটরিং করতে হবে। ফলে দায়িত্বও বাড়বে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক  ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মিজ শাহীনা ফেরদৌসী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন।