১৮ জুলাই ২০২৬, ১৭:৫৪

কোন প্রেক্ষিতে ‘ফার্মের মুরগি’ টার্মটি বলেছিলেন, ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে কথা বলছেন শিক্ষামন্ত্রী  © সংগৃহীত

এইচএসসি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগির’ সঙ্গে তুলনা করে করা একটি ব্যক্তিগত ফোনালাপ ফাঁস হওয়ার পর তা নিয়ে দেশজুড়ে ব্যাপক সমালোচনা ও শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রথমবারের মতো মুখ খুলেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি দাবি করেছেন, তার বক্তব্যের একটি অংশকে প্রসঙ্গ থেকে বিচ্ছিন্ন করে ‘নেগেটিভ ন্যারেটিভ’ তৈরি করা হয়েছে। পাশাপাশি বৃষ্টির মধ্যে পরীক্ষা আয়োজন, প্রশ্নপত্র ফাঁসের গুজব এবং তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রোল নিয়েও নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি।

আজ শনিবার নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এইচএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে বৃষ্টির মধ্যে পরীক্ষা নেওয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা এবং প্রশ্নপত্র ফাঁসের গুজব নিয়ে নিজ অবস্থান ব্যাখ্যা করে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমার মেয়ে তানজিলা ওর মাথাই একটু বৃষ্টির পানি পড়লেই জ্বর আসে ফার্মের মুরগির মত, এই ন্যারেটিভকে তারা নেগেটিভলি নিয়ে গেছে। কিছু মানুষ বিষয়গুলো ভুলভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। তবে এসব সমালোচনা বা ট্রল সরকারের দায়িত্ব পালনে বাধা হতে পারবে না।’

আরও পড়ুন : ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

তিনি বলেন, বৃষ্টির মধ্যে পরীক্ষা হওয়ার বিষয়টি আমি জানি। শিক্ষার্থীদের নিয়ে আমি খুব চিন্তিত। সেই সাথে বললাম, আমার মেয়ে তানজিলা, ওর মাথায় একটু বৃষ্টির পানি পড়লে জ্বর আসে, ফার্মের মুরগির মতো। সেজন্য আরও বেশি চিন্তা করেছি, শিক্ষার্থীদের জ্বর আসে কিনা। সেজন্য আমি খুব উদ্বিগ্ন ছিলাম। পরীক্ষা নেওয়ার বিষয়ে তো সবার সঙ্গে কথা বলতে হয়। সবাই বলেছে, পরীক্ষা নেওয়া যাবে, তাই নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা এ ধরনের একটা নারেটিভকে নেগেটিভভাবে নিয়েছে। এইভাবে যদি একটি অর্থ অন্যরকম হয়ে যায়, তাহলে তো আমাদের ভবিষ্যৎ ভালো হবে না।

সমালোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমাকে নিয়ে যারা ট্রল করতে শুরু করল, তাদের কেউ পরীক্ষার্থী না। আমি রাজধানীর আইডিয়াল কলেজ, ল্যাবরেটরি স্কুল কিংবা ভিকারুননিসার কাউকে আন্দোলন করতে দেখিনি। তাদের কেউ আন্দোলন করতে আসেনি। এইভাবে আন্দোলন করে মিসগাইড করে একটা অরাজকতা সৃষ্টি করা হয়েছিল।’

প্রশ্নপত্র ফাঁসের গুজব নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘ধরুন আজকে ভূগোল দ্বিতীয়পত্র পরীক্ষা চলছে। আমি মিডিয়া ভাইদের বলছি। আপনি নিশ্চয়ই দেখেছেন, নাম বলে তাকে পপুলার করতে চাই না। বলল যে ভূগোল দ্বিতীয়পত্র প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। ফাঁস কি হয়েছে? পরীক্ষা তো শেষ হয়ে গেছে।’

মিডিয়ার একটি অংশের সমালোচনা করে তিনি বলেন, ‘এই যে মিডিয়া মিসইন্টারপ্রেটেশন করে। এখন মনে হচ্ছে যেন নকল হচ্ছে, প্রশ্নপত্র বের হচ্ছে। এগুলো না হলেও বানিয়ে বানিয়ে বলতে হবে। হাড ইউ ডেভলপ। সত্যি বলছি, আমরা এসছি এই জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। যে যত ট্রল করেন না কেন, যে যত অপবাদই করেন না কেন, আমাদের সঠিক দায়িত্ব থেকে আপনারা বিচ্যুত করতে পারবেন?