১৪ জুলাই ২০২৬, ১৯:৪৫

শিক্ষক নিয়োগ নিয়ে সভায় বসছে মন্ত্রণালয়, জানা গেল সময়

শিক্ষা মন্ত্রণালয়  © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষেত্রে সংশোধিত অনুসরণীয় পদ্ধতি পরিপত্র আকারে জারির লক্ষ্যে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত পদে শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষেত্রে সংশোধিত অনুসরণীয় পদ্ধতি পরিপত্র আকারে জারির লক্ষ্যে আগামী বৃহস্পতিবার সকাল ১১ টায় মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে এ বিভাগের সভাকক্ষে (কক্ষ নং-১৮১৫ ভবন-৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) সভা অনুষ্ঠিত হবে।

সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি প্রেরণের অনুরোধসহ); আইন ও বিচার বিভাগের সচিব (যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি প্রেরণের অনুরোধসহ); কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব (যুগ্মসচিব পদমর্যাদাসম্পন্ন একজন প্রতিনিধি প্রেরণের অনুরোধ সহ); জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য; ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সকল উইংয়ের অতিরিক্ত সচিব, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান (রুটিন দায়িত্ব ); শিক্ষার তিন অধিদপ্তরের মহাপরিচালক;  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান; জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।