প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার সংখ্যা এবং শিক্ষার্থীর সংখ্যা জানালেন শিক্ষামন্ত্রী
সারাদেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা এবং এবতেদায়ি ও কওমী মাদ্রাসার সংখ্যা এবং এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মোট সংখ্যা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. গোলাম রছুলের এক প্রশ্নের উত্তরে শিক্ষা মন্ত্রী এ সব কথা জানান। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।
শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, সারাদেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৯টি, শিক্ষার্থীর সংখ্যা ৯৯ হাজার ৫৮ হাজার ২৪৬ জন এবং কিন্ডারগার্টেন বিদ্যালয় সংখ্যা ৩২ হাজার ৬৬৩টি, শিক্ষার্থীর সংখ্যা ৬০ হাজার ৮৯ হাজার ৩১৩ জন। এ সকল ধরনের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রাথমিক শিক্ষার মূলধারায় অন্তর্ভুক্ত মৌলিক বিষয়সমূহের পাঠদান এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে একটি সমন্বিত জাতীয় নীতিমালা প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, সংযুক্ত এবতেদায়ি মাদ্রাসা রয়েছে ৯ হাজার ২৯৫টি। যেখানে প্রায় ১৫ লক্ষ শিক্ষার্থী পড়াশোনা করে। মোট স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা রয়েছে ৭ হাজার ৫২৮টি। যেখানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১০ লাখ। মোট কওমী মাদ্রাসা রয়েছে প্রায় ২৫ হাজার। যেখানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৭০ লাখ। হাফিজিয়া ও নূরানী মাদ্রাসা সাধারণত কওমী মাদ্রাসার অন্তর্ভুক্ত।
এ সকল প্রতিষ্ঠানের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে পৃথক বা একক নীতমালা নেই। তবে এ সকল প্রতিষ্ঠানের মূল কারিকুলাম ঠিক রেখে ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং তথ্যপ্রযুক্তি বিষয়গুলো যুক্ত করার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।