‘ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের প্রয়োজনে ফের পরীক্ষা নেওয়া হবে’
টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যা পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের প্রয়োজনে ফের পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদে এ তথ্য জানান তিনি।
আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, তারা দ্রুত পড়ার টেবিলে ফিরে যাবে, এটি আমাদের প্রত্যাশা। বন্যা বৃষ্টিতে পরীক্ষা দিতে না পারলে প্রয়োজনে আবারও পরীক্ষা নেওয়া হবে।
মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের যে সুবিধা দেওয়া, সেই সুবিধা দেওয়া হয়েছে। এ ব্যাপারে আমরা সবসময় উদ্বিগ্ন ছিলাম, আমরা কন্টিনিউয়াস মনিটরিং করে এই কাজগুলো করছি। সেই ক্ষেত্রে আমরা মনে করি, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের শুধরে দেওয়া আমাদের জন্য কোনও বিরাট কাজ নয়। কারণ আমরা অনেক জায়গায় পরীক্ষা বন্ধ করেছি এবং আবার আমাদের কোশ্চেন সেট রয়েছে, আমরা আবার তাদের পরীক্ষা নেবো।
শিক্ষামন্ত্রী আরও বলেন, আমরা আবারও পর্যালোচনা করছি—যদি কোথাও আমাদের প্রশাসনের দুর্বলতার কারণে কোনও শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠার পর যদি পরীক্ষা না দিতে পেরে থাকে—এই জরিপটা আমাদের কাছে আসার পরে সেভাবে প্রয়োজনে পুনরায় পরীক্ষাও নিতে পারি। আমরা চিটাগাং বোর্ডে এই ব্যবস্থাটি করেছি এবং সেই অবস্থান আমাদের রয়েছে। সেজন্য আবারও অনুরোধ করবো, শিক্ষার্থীরা যার যার পড়ার টেবিলে ফিরে যাক, তাদের চেয়ে আমরাই উদ্বিগ্ন। তাদের চেয়ে বেশি উদ্বিগ্ন যে কীভাবে—তাদের আমরা পরীক্ষা সঠিকভাবে নেবো। এই দুর্যোগ মোকাবিলা করবো।
তিনি আরও বলেন, আমি আবারও আশ্বাস দিচ্ছি যেসব পরীক্ষা কেন্দ্রে এ ধরনের ভুল-ত্রুটি হয়েছে, সেখানে রি-এক্সামিন নেওয়ার প্রভিশনও আমাদের রয়েছে। এরা আমাদের ভবিষ্যৎ। এদের আমরা কোনও অবস্থায় ডিপ্রাইভ করতে পারি না, করবো না। সেটাই আমি মহান সংসদের মাধ্যমে জাতিকে জানাতে চাচ্ছি।