সংসদে শিক্ষামন্ত্রী, বললেন—‘আন্দোলন নিয়ে পরে কথা বলব’
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ কয়েকটি দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তারা দীর্ঘ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নিয়ে আছেন। এ প্রসঙ্গে বক্তব্য জানতে চাইলে মন্ত্রী বলেছেন, ‘আমি সংসদ অধিবেশনে আছি। পরে মন্তব্য করব।’
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনকারীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এসময় তাদের সামনে অবস্থান নেয় পুলিশ। দুই পক্ষের মুখোমুখি অবস্থানের মধ্যে এক পাশে ছাত্রদলের নেতা-কর্মীদেরও ক্যাম্পাসে অবস্থান নিতে দেখা যায়।
এরইমধ্যে মোবাইল ফোনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে যোগাযোগ করে দ্য ডেইলি ক্যাম্পাস। এ প্রতিবেদক জানতে চান, ‘সারা দেশের শিক্ষার্থীরা তো আসলে আন্দোলন করছে, এ বিষয়ে আপনার একটা মন্তব্য জানতে চাই।’
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘এখন আমার ইন্টারভিউ দেওয়ার তো সময় নেই।’ জবাবে তাকে জানানো হয়, ‘সারাদেশে আপনার পদত্যাগের দাবি জোরদার হচ্ছে।’ এর জবাবে মন্ত্রী বলেন, ‘ইন্টারভিউ দেব না সংসদে প্রশ্ন উত্তর দেব? সংসদে প্রশ্নোত্তর দিয়ে এ বিষয়ে কথা বলব।’
আরও পড়ুন: এইচএসসি পরীক্ষা চলবে: ঢাকা বোর্ড চেয়ারম্যান
এর আগে টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে প্রায় এক ঘণ্টা অবরোধ করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে অগ্রসর হন। বেলা সোয়া ১টার দিকে ভিসি চত্বরের সামনে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নেন।
এরপরই সেখানে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে মুখোমুখি পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বেলা আড়াইটার দিকে শিক্ষার্থীরা ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের দিকে চলে যান।