উপবৃত্তির টাকা বৃদ্ধি নিয়ে দাবি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
প্রাথমিক থেকে স্নাতক পর্যন্ত বিভিন্ন স্তরের উপবৃত্তির অর্থ দীর্ঘদিন ধরে না বাড়লেও প্রধানমন্ত্রী তারেক রহমান তা বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিলেন। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রবিবার (১২ জুলাই) দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
শিক্ষামন্ত্রীর কাছে এক সাংবাদিক জানতে চান, ২০১৫-১৬ সালের পর থেকে প্রায় ১১-১২ বছর ধরে বিভিন্ন স্তরের উপবৃত্তির টাকার পরিমাণ বাড়েনি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রাথমিক, এসএসসি, এইচএসসি, স্নাতক (ডিগ্রি) ও অন্যান্য স্তরের উপবৃত্তি বাড়ানোর উদ্যোগ নিয়েছিল। এ বিষয়ে সর্বশেষ সিদ্ধান্ত কী?
জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এ বিষয়ে এখনো আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। এরই মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী স্নাতক পর্যায়ের উপবৃত্তি বাড়ানোর বিষয়ে নির্দেশনা দিয়েছেন। অন্যদিকে কারিগরি শিক্ষার উপবৃত্তি বাড়ানোর বিষয়েও আমরা সক্রিয়ভাবে কাজ করছি।
তিনি বলেন, বর্তমানে কারিগরি শিক্ষার্থীদের প্রতি সেমিস্টারে মোট ৪ হাজার টাকা দেওয়া হয়। এর মধ্যে মাসিক ৫০০ টাকা হিসেবে চার মাসে ২ হাজার টাকা, ফরম পূরণের জন্য ১ হাজার টাকা এবং পরীক্ষার আগে বইপত্র কেনার জন্য আরও ১ হাজার টাকা দেওয়া হয়। অর্থাৎ প্রতি সেমিস্টারে একজন শিক্ষার্থী মোট ৪ হাজার টাকা সহায়তা পায়। আমরা এই সহায়তার পরিমাণ আরও বাড়ানোর চেষ্টা করছি।