দেশে চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশে চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে। এরমধ্যে দুটি বিশেষায়িত, বিশেষায়িত দুটি হবে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য। আজ শনিবার (১১ জুলাই) গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানে ভর্তি পরীক্ষায় জিপিএ নম্বরের বৈষম্য নিয়ে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী চান, একটি প্রজন্ম নতুন করে গড়ে তোলা হোক। সেজন্য তিনি প্রাইমারি এডুকেশনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। প্রাইমারি এডুকেশনে তিনি ‘আনন্দময় শিক্ষা’ ইন্ট্রোডিউস করছেন। আমরা কারিকুলামের ওপর আগামীকাল ফাইনাল মিটিং করতে যাচ্ছি।
আমরা কিছু কিছু জায়গায় নতুন কারিকুলাম দিচ্ছি, বাট ম্যাক্সিমাম আমাদের হয়ে গেছে, পরিমার্জন করে আমরা দিচ্ছি। ক্লাস, স্পোর্টস, কালচার, ফ্যামিলি ভ্যালু, রিলিজিয়াস ভ্যালু—এগুলোকে আমরা ইনক্লুড করছি। আমরা ‘লার্নিং হ্যাপিনেস’ অ্যান্ড ‘ডিপেক্ট’ আমরা ক্লাস সিক্স থেকে ইনক্লুড করছি। আমরা চাই, একটি প্রজন্ম তৈরি হোক। এই প্রজন্ম বাংলাদেশকে লিড করবে এবং আগামী বাংলাদেশ পাবে।’
আরও পড়ুন : শিক্ষা ও মেধার বিকাশ বাণিজ্যিকীকরণে বাধাগ্রস্ত হচ্ছে: শিক্ষামন্ত্রী
‘প্রিয় শিক্ষার্থীরা, যতদিন আমরা আছি, তোমাদের যেকোনো সমস্যায় আমি আছি। বাট তোমাদের কথা যেতে হবে অভিভাবকদের কাছে। সারাদেশ তোমাদের দিকে তাকিয়ে আছে। অতএব, তোমরা এই দেশ গড়ার জন্য প্রত্যয় নিয়ে আগামীর সময়গুলো কাজে লাগাবে। এ বিশ্ববিদ্যালয় প্রশাসন হতে সকলেই তোমাদের সহযোগিতা করবে। আমরা চাই সুন্দর একটি বাংলাদেশ। জুলাইয়ে শিক্ষার্থীরা যে রক্ত দিয়েছে, তাদের রক্তের মূল্য দিতে হবে।।’
তিনি বলেন, ‘আমরা চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ করছি এবং তার মধ্যে দুইটিকে ডেডিকেটেড করে দেব টেকনিক্যাল এডুকেশনের জন্য—যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে বেরিয়ে আসে তাদের জন্য। খুব শিগগিরই আপনারা বিস্তারিত জানতে পারবেন।
তিনি আরও বলেন, নতুন ফরমেটে আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে ডিরেগুলেশন করছি। আমরা ১৯৭৩ অ্যাক্ট যেটা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেই অ্যাক্টের বাইরেও আমরা বগুড়া বিশ্ববিদ্যালয় নতুন একটি করছি। আমরা নার্সিং, মেডিকেল সায়েন্স ইউনিভার্সিটিকে আন্ডারে আনছি। এগ্রিকালচার ডিপার্টমেন্ট নিয়ে আসছি।
আমরা একটা কম্পোজিট ওয়েতে, যেভাবে হার্ভার্ড, এমআইটি যেভাবে পরিচিত হয়, সেভাবে আমরা আগামী দিনে বিশ্ববিদ্যালয় তৈরি করব। এই বিশ্ববিদ্যালয় থেকে যেন ভালো ছাত্রছাত্রী বেরিয়ে আসে, সেই প্ল্যান ডিজাইন করছি।