০৯ জুলাই ২০২৬, ১২:৩৬

বই মুদ্রণকারীদের জন্য কড়া সতর্কবার্তা শিক্ষামন্ত্রীর

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন  © ফাইল ছবি

শিক্ষাপ্রতিষ্ঠানের বই মুদ্রণকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও প্রতিনিধিদের সতর্ক করে দিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘নতুন বই দিতে হবে আমাদের সন্তানদের। যদি না দেন, সামনে আর করতে পারবেন না। এমনভাবে প্যান্ট পরবেন, যেন জিপার ঠিক থাকে। আমরা চাইলে অ্যাসোসিয়েশন ভাঙতে পারতাম। কিন্তু কোনও হস্তক্ষেপ করব না।’

বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) মিলনায়তনে মুদ্রণকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী নিজে এখনও সরকারি বাসভবনে ওঠেননি। কোনও ভবনে যাননি। এদেশে এখন আর কেউ খিচুড়ি রান্না শিখতে বিদেশে যেতে পারবেন না।’

আরও পড়ুন: ডুলাহাজরায় ৭ লাখ গাছ লাগানোর তথ্য সরকারি নথিতে, আসলে হয়েছে দুই লাখ— বেরিয়ে এলো প্রধানমন্ত্রীর অনুসন্ধানে

বই মুদ্রণকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও প্রতিনিধিদের বলেন, ‘বই এমনভাবে ছাপতে হবে, ছবিগুলো সুন্দর হতে হবে। শিশুরা দেখে যাতে আনন্দ পায়। এটি আমরা কেন পারব না? এটা আমাদের ঈমানী দায়িত্ব। অনেকে আমার কিছু কথায় আহত হয়েছেন। কিন্তু বই নিয়ে এটি আমাদের করতে হবে।’