০৭ জুলাই ২০২৬, ০৯:০৫

একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে বৈঠক আজ

এসএসসি পরীক্ষার্থী   © টিডিসি ফটো

একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির পুরো প্রক্রিয়া চূড়ান্ত করতে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে শিক্ষা মন্ত্রণালয়। ‘একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা-২০২৬’ চূড়ান্ত করতেই মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টায় এই সভা অনুষ্ঠিত হবে। হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত বৈঠকে দেশের সব শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন।

সোমবার (৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশ অনুযায়ী, সভাটি বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেও বিভিন্ন শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে যুক্ত থাকবেন।

সভায় সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। এছাড়া শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বৈঠকে উপস্থিত থাকবেন।

সভায় প্রধান আলোচ্য বিষয় হিসেবে রাখা হয়েছে ‘একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা-২০২৬’ চূড়ান্ত করা। নীতিমালা অনুমোদনের পর একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরুর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সভায় প্রয়োজনীয় সব নথি ও কার্যপত্রসহ উপস্থিত থাকতে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান এবং বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভাপতিকে।

এ ছাড়া চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, যশোর, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের অনলাইনের মাধ্যমে সভায় অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই নির্দেশনা দেওয়া হয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদেরও।

পাশাপাশি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকদেরও সভায় অংশ নিতে বলা হয়েছে। এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশ্লিষ্ট অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সময়ে বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এই বৈঠকের সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে ২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা এবং ভর্তি কার্যক্রমের পরবর্তী রূপরেখা।