ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের নিয়ে সবশেষ যা জানাল এনটিআরসিএ
৬ষ্ঠ ও ৭ম গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের অপেক্ষা আরও বাড়ছে। নতুন প্ল্যাটফর্ম তৈরি না হওয়ায় সহসাই তাদের সুপারিশ করা হচ্ছে না বলে জানা গেছে।
বুধবার (০১ জুলাই) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র জানিয়েছে, বর্তমানে টেলিটকের যে প্ল্যাটফর্মের মাধ্যমে প্রার্থীদের সুপারিশ করা হয়, সেটি দিয়ে ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের প্রতিস্থাপন করা সম্ভব হবে না। এজন্য একটি নতুন প্ল্যাটফর্ম দরকার। যা তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা বলেন, ‘নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হওয়ার কারণে অনেক বিষয়ের কোড পরিবর্তন করা হয়েছে। এর ফলে বর্তমান প্ল্যাটফর্মের মাধ্যমে প্রার্থীদের সুপারিশ করা যাচ্ছে না। নতুন প্ল্যাটফর্ম তৈরির পর তাদের প্রতিস্থাপন করা হবে।’
জানা গেছে, গত ২৮ জানুয়ারি ৭ম গণবিজ্ঞপ্তিতিতে আবেদনকৃতদের নিয়োগ সুপারিশ করে এনটিআরসিএ। সুপারিশের পর ফেব্রুয়ারি মাসে ভুক্তভোগী শিক্ষকরা যোগদান করেন। যোগদানের পর তারা জানতে পারেন ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্ত হওয়ার কথা। পরবর্তীতে এনটিআরসিএতে যোগাযোগ করলে সংস্থাটি প্রতিষ্ঠানপ্রধানের প্রত্যয়নপত্রসহ আবেদন করার পরামর্শ দেয়। প্রতিষ্ঠানপ্রধানরা তাদের প্রত্যয়নপত্রে ‘ভুলবশত’ চাহিদা দেওয়ার কথা উল্লেখ করে প্রত্যয়নপত্র দেয়। সেই প্রত্যয়নপত্র দিয়ে এনটিআরসিএ চেয়ারম্যান বরাবর আবেদন করেন ভুক্তভোগীরা। সমস্যা সমাধানে ১৮৫ জনকে প্রতিস্থাপন করার কথা থাকলেও এখনো সেটি করতে পারেনি এনটিআরসিএ। ফলে প্রার্থীদের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে।