ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, নতুন অর্থবছরে প্রথমবারের মতো ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তি করা হবে। এ কার্যক্রম বাস্তবায়নে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দ রয়েছে।
মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের ‘শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও অনন্য শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ড. মিলন বলেন, ‘এটাকে আমাদের একটু ঘুছিয়ে নিতে হবে; নিয়ে আমরা জাস্টিফাই করব কাকে দেওয়া যায় এবং সেইভাবে আমরা আগামী বাজেটে অ্যালোকেশন করা আছে টাকা; সেখান থেকে আমরা (এমপিও) দেব। বাট ইট হ্যাজ টু বি ইন অ্যা সিস্টেম।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘এখন দেখবেন প্রেস ক্লাবে গেলেই ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা এমপিওর জন্য অনশন করছেন। হোয়াট ইজ দিস? কেন করবে? একটি জিনিস সিস্টেমে আছে, সিস্টেম অনুযায়ী গাড়ি চলতে থাকবে। ইবতেদায়ি মাদ্রাসার কারা (এমপিও) পাবে, এটার একটা নীতিমালা রয়েছে। নীতিমালায় যে পড়বে, সেই পাবে; তাই না? ভেরি সিম্পল! রুলস অব বিজনেস থাকবে। কিন্তু রুলস অব বিজনেস একেকবার একেকরকমভাবে চেঞ্জ করা শুরু করল।’
ড. এহছানুল হক মিলন বলেন, ‘আমাদের সময় ছিল ৩৬ শতক জায়গার উপরে একটি ইবতেদায়ি মাদ্রাসা হবে। শিক্ষকগুলো এনটিআরসিএ থেকে নিয়োগ হবে। বাহ্, কোনো কিছু বলাই নেই, লাস্ট গভর্নমেন্ট পট করে বলে বসল ২৩ শতক জায়গার উপরে যেকোনো লোক ইবতেদায়ি মাদ্রাসা করতে পারবে।’
তিনি আরও বলেন, ‘এখন ইবতেদায়ি মাদ্রাসার এই যে নম্বর ব্যানবেইজ থেকে দিয়ে দিচ্ছে, এটার কোন ইন্সপেকশন নাই, কোনোরকম ডকুমেন্টেশন নাই। এখন আল্লাহ আমরা সেই অথৈ সমুদ্রে ভাসছি এবং দেখছি যে মাদ্রাসারা আন্দোলন করছে।’