২৫ জুন ২০২৬, ১০:২৯

মেমিস সফটওয়্যারেই মাদ্রাসা শিক্ষকদের বদলি, শুরু ‍নিয়ে যা বলছে মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয়  © ফাইল ছবি

বেসরকারি মাদ্রাসা কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া শুরু করতে প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা মেমিস সফটওয়্যারের মাধ্যমেই শিক্ষকদের বদলি কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে, মেমিস সফটওয়্যারের মাধ্যমে মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন এবং শিক্ষকদের বদলি কার্যক্রম পরিচালনা করা হবে। এজন্য প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই টেন্ডার সম্পন্ন করে সফটওয়্যার আপডেটের কার্যক্রম শুরু হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘মেমিস সফটওয়্যারের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কার্যক্রম শুরু হতে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে শিগগিরই টেন্ডার সম্পন্ন করে ইএফটিতে বেতন এবং বদলির জন্য তথ্য ইনপুটের কার্যক্রম শুরুর চেষ্টা চলছে।’

সফটওয়্যার আপডেট হতে কতদিন লাগতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, ‘এটি নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে আগামী জুলাই মাসের মধ্যে টেন্ডার কার্যক্রম সম্পন্ন করে আগস্টের মধ্যে তথ্য ইনপুটের সময়সীমা নিয়ে পরিকল্পনা করা হয়েছে। আশা করছি আগস্টের শেষ দিকে অথবা সেপ্টেম্বরের শুরুতে বদলির জন্য শিক্ষকদের তথ্য ইনপুটের কার্যক্রম শেষ করা যাবে।’

মাদ্রাসা শিক্ষকদের ইএফটিতে বেতন দেওয়ার কার্যক্রমের কারণে বদলিতে দেরি হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অর্থ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ইএফটির মাধ্যমে পরিশোধ করতে হবে। তবে এটি করতে কিছুটা সময় লাগবে। আমরা আগে শিক্ষকদের বদলির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।’