সরকারিকরণ হচ্ছে বরিশালের শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ
বরিশাল সদর উপজেলার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ সরকারিকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি কলেজ-৬ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। গত ২১ জুন সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলম স্বাক্ষরিত চিঠিটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৪ জুনের পত্রের পরিপ্রেক্ষিতে বরিশাল সদর উপজেলার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ সরকারিকরণের জন্য প্রধানমন্ত্রীর সানুগ্রহ সম্মতি পাওয়া গেছে। এর ধারাবাহিকতায় সরকারিকরণের পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারিকরণের প্রস্তুতি হিসেবে প্রতিষ্ঠানে নতুন নিয়োগ এবং স্থায়ী-অস্থায়ী সম্পদের হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে বলা হয়েছে। একইসঙ্গে কলেজটি সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া প্রতিষ্ঠানের আর্থিক সংশ্লেষ, কলেজটির বিরুদ্ধে কোনো মামলা-মোকদ্দমা রয়েছে কি না সে বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আইন উপদেষ্টার মতামত এবং প্রতিষ্ঠান প্রধানের অঙ্গীকারনামাসহ বিস্তারিত প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত সম্পন্ন করে প্রতিবেদন পাঠানোর জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।