অভিন্ন বিষয়ে সাধারণ ও মাদ্রাসা বোর্ডে একই প্রশ্নে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী
আগামীতে অভিন্ন বিষয়ে সাধারণ ও মাদ্রাসা বোর্ডে একই প্রশ্নে পরীক্ষা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (২২ জুন) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ডিনস ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন,আগামী ২ জুলাই থেকে নয়টি বোর্ড একত্রে একই প্রশ্নে পরীক্ষা দিবে, আগে আলাদা আলাদা বোর্ডের পরীক্ষা হতো আলাদা আলাদা প্রশ্নে।
তিনি বলেন, আগামী দিনে মাদ্রাসার ও সাধারণ শিক্ষার যে যে সাবজেক্টগুলো একই অর্থাৎ বাংলা, ইংরেজি, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাকাউন্টিং, ইকোনমিক্স, সোশিওলোজি যে সাবজেক্টগুলো কমন, সে কমন সাবজেক্টগুলোর কমন প্রশ্ন করা হবে।
তিনি আরও বলেন, আমরা মাদ্রাসা শিক্ষাকে মর্ডানাইজ করার জন্য সেখানে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করছি। আমরা শিক্ষায় কোনো বৈষম্য চাই না।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা গত সপ্তাহে বগুড়া ইউনিভার্সিটি বিল পাস করেছি। সেখানে নতুন-নতুন বিষয় থাকবে। এই প্রথম ইউরোপ আমেরিকার মতো একটি ইউনিভার্সিটি হচ্ছে। নোয়াখালীতেও এমন একটি বিশ্ববিদ্যালয়ের জায়গা রয়েছে। ইউজিসি চেয়ারম্যান মামুন সাহেবের কাছ থেকে বগুড়ার পর নোয়াখালী বিশ্ববিদ্যালয় আধুনিকায়ন করার প্রস্তাব আমরা পাব বলে আশা করি।