১৫ জুন ২০২৬, ১১:৩৮

দেশে নতুন ৩২৯ নতুন টেকনিক্যাল স্কুল স্থাপন হচ্ছে: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন  © সংগৃহীত

সারা দেশে কারিগরি শিক্ষার প্রসার ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে নির্মাণাধীন ৩২৯টি নতুন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কাজ আগামী দুই বছরের মধ্যে সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

সোমবার (১৫ জুন) প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ খেলার মাঠে এ আয়োজন করা হয়। 

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ যে এজেন্ডা রয়েছে সেই এজেন্ডা বাস্তবায়নে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষা মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী দিনের উন্নত বাংলাদেশ বিনির্মাণে কারিগরি ট্রেনিং সেন্টারসহ সার্বিক কারিগরি শিক্ষার বিস্তার অপরিহার্য , যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষাই হবে নতুন প্রজন্মের মূল হাতিয়ার।

জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষার বাজেট সবচেয়ে বেশি পেয়েছি। শিক্ষা খাতে আমরা একটি বৈপ্লবিক পরিবর্তন চাই।’ এ সময় দুই মাসের মধ্যে এইচএসসির ফল প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি।