১৪ জুন ২০২৬, ১৮:১৩

নিজ আসনে বিশ্ববিদ্যালয় চান সকল এমপিরা, সত্যতা স্বীকার করলেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. মিলন  © ফাইল ছবি

নির্বাচিত হওয়ার এমপিরা নিজ নিজ সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় চান বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রবিবার (১৪ জুন) রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলে তিনি।

উচ্চশিক্ষা নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, ‘দক্ষতা উন্নয়ন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমরা সেটিও দেখছি। অবশ্যই আমাদের উপদেষ্টা, সাবেক উপদেষ্টা বলেছেন যে আমরা বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, প্রতিটি নির্বাচনি এলাকায় বিশ্ববিদ্যালয়ের দিকে নজর দিচ্ছি। হ্যাঁ, সেটিও সত্য, আমাদের বিশ্ববিদ্যালয় দরকার, পাশাপাশি আমাদের প্রাথমিক বিদ্যালয়ও দরকার... এবং যে ঘাটতি আছে, আমরা এখন সেটার ম্যাপিং করছি এবং আমি সেটি দেখব। আর কোনো গ্রাম প্রাথমিক বিদ্যালয় ছাড়া থাকবে না। সেটিই আমরা এখন দেখছি।’

ড. মিলন বলেন, সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগাতে হবে। আর এই লক্ষ্য অর্জনে মানবসম্পদ উন্নয়নে শিক্ষার চেয়ে বড় কোনো বিনিয়োগ হতে পারে না।

শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশের শিল্পখাত এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বিদ্যমান সমন্বয়হীনতা দূর করতে সরকার কাজ করছে। বর্তমান কর্মবাজারে টিকে থাকার মতো দক্ষতা অর্জনের ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

ইউনিসেফ আয়োজিত ‘ভ্যালিডেশন ওয়ার্কশপ অন দ্য বাংলাদেশ এডুকেশন সেক্টর অ্যানালাইসিস (ইএসএ)’ শীর্ষক এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এছাড়া শিক্ষাবিদ এবং ইউনিসেফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী অনুষ্ঠানে অংশ নেন।