আ.লীগ পরিবার সংশ্লিষ্টতায় এক ঘণ্টায় প্রজ্ঞাপন বাতিল হওয়া সেই ভিসিকে এবার প্রোভিসি করা হলো
আ.লীগ পরিবার সংশ্লিষ্টতায় এক ঘণ্টায় ভিসি নিয়োগের প্রজ্ঞাপন বাতিল হওয়া সেই অধ্যাপক ড. আনিসুর রহমানকে এবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) রাষ্ট্রপতির অনুমোদনক্রমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ এর ১৪(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. আনিসুর রহমানকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, উপ-উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যা আগে ঘটবে, সেই পর্যন্ত বহাল থাকবে। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। পাশাপাশি তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
আরও পড়ুন: নতুন পে স্কেলে বেতন বাড়বে দ্বিগুণ থেকে আড়াইগুণ, অনুপাত ১:৯
এতে আরও বলা হয়, তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
প্রজ্ঞাপনে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে জানানো হয়েছে।
এর আগে, বাতিল হওয়া প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমানকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে অভিযোগ ওঠে তিনি আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের বোন জামাই। এ অভিযোগের প্রেক্ষিতেই তার ওই নিয়োগ বাতিল করা হয় বলে জানা যায়।
প্রসঙ্গত, নুরুজ্জামান আহমেদ আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ সদস্য ছিলেন। তিনি লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেন। লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসন থেকে তিনি তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি দ্বিতীয় মেয়াদে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এবং তৃতীয় মেয়াদে সমাজকল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।