১১ জুন ২০২৬, ১৯:৩৯

প্রদর্শকদের ফল প্রকাশ নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা

মাহ্দী আমিন  © ফাইল ফটো

মৌখিক পরীক্ষা গ্রহণের প্রায় দুই বছর হতে চললেও এখনো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রদর্শক পদের ফল প্রকাশিত হয়নি। ফলে ফলাফলের অপেক্ষায় থাকা প্রায় সাড়ে ৬ হাজার চাকরিপ্রার্থী চরম বিপাকে পড়েছেন। 

বিষয়টি নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাস কথা বলেছে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহ্দী আমিনের সঙ্গে। তিনি বলেছেন, ‘বিষয়টি (প্রদর্শকের ফল) নিয়ে মাউশি ডিজির (মহাপরিচালক) সঙ্গে কথা বলুন।’

জানা গেছে, ২০২০ সালের অক্টোবর মাসে বিভিন্ন পদের ৪ হাজার ৩২ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল মাউশি। এর মধ্যে ‌‌৫১৪টি প্রদর্শকসহ ১০ম গ্রেডের পদ ছিল সর্বমোট ৬১০টি। এই পদগুলোর বিপরীতে মোট ৬ হাজার ৪৪৩ জন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।

২০২৪ সালের ৬ জুন মৌখিক পরীক্ষা শেষ হয়েছে। অর্থাৎ মৌখিক পরীক্ষা শেষ হওয়ায় ২৩ মাস অতিবাহিত হলেও এখনো এ নিয়োগের ফলাফল প্রকাশিত হয়নি। ফলে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থী এবং তাদের পরিবারের সদস্যরা।