কৃষি শিক্ষকদের গ্রেড সংশোধন, ১১তম থেকে ১০ম-এ আসতে আবেদন সরাসরি
বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসায় কর্মরত কৃষি শিক্ষকদের বেতন গ্রেড সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেড হওয়ায় শিক্ষকদের গ্রেড পরিবর্তনের জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করতে হবে।
বৃহস্পতিবার (১১ জুন) দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ তথ্য জানান মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর বেতন কোড পরিবর্তনের জন্য আবেদন করতে হবে। আবেদন সরাসরি অধিদপ্তরে এসে জমা দিতে হবে।’
যারা ১১তম গ্রেডে বেতন পাচ্ছেন তারা পরবর্তীতে বকেয়া পাবেন কিনা এমন প্রশ্নের জবাবে ড. কে এম শফিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সেজন্য কিছু বলতে পারছি না।’
এর আগে গত ৯ জুন মাদ্রাসার কৃষি শিক্ষকদের গ্রেড সংশোধন করে প্রজ্ঞাপন জারি করে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান (ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা টেকনোলজি ও ডিপ্লোমা) এবং বেসরকারি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬-এর পরিশিষ্ট অনুযায়ী সহকারী শিক্ষক (কৃষি) পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বেতন স্কেলে সংশোধন আনা হয়েছে।
এতে বলা হয়, গ্রেড-১০ অনুযায়ী নিয়োগ পেতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষি, কৃষি অর্থনীতি, মৎস্য, পশুপালন, কৃষি প্রকৌশল, বনবিদ্যা, পরিবেশ বিজ্ঞান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মৃত্তিকা বিজ্ঞান অথবা ডিভিএমসহ নির্ধারিত বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। একইসঙ্গে ন্যূনতম তিন বছরের কৃষি ডিপ্লোমা বা সমমান শিক্ষাগত যোগ্যতাও বিবেচ্য হবে। এক্ষেত্রে বেতন স্কেল ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া গ্রেড-১১ অনুযায়ী নিয়োগ পেতে উদ্ভিদবিদ্যা/ প্রাণিবিদ্যা বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এক্ষেত্রে সমগ্র শিক্ষা জীবনে ১(এক) টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি অথবা সমমান জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। গ্রেড-১১ অনুযায়ী ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। তবে বিএড ডিগ্রি থাকলে গ্রেড-১০ অনুযায়ী বেতন পাবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সহকারী শিক্ষক (কৃষি) পদের বয়সসীমা অনূর্ধ্ব ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে, তবে ইনডেক্সধারীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।