শিক্ষকদের মে মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে
বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মরত শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বুধবার (৩ জুন) এ প্রস্তাব পাঠানো হয়। মন্ত্রণালয়ের অনুমোদনের পর আগামী সপ্তাহের শেষ দিকে শিক্ষক-কর্মচারীরা মে মাসের বেতন পাবেন বলে জানা গেছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, মে মাসে ৩ লাখ ৯২ হাজার ৭৮৯ জন শিক্ষক-কর্মচারীর বেতনের প্রস্তাব পাঠানো হয়েছে। এর মধ্যে স্কুলের ৩ লাখ ৪ হাজার ৫৪১ জন ও কলেজের ৮৮ হাজার ২৪৮ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।
আরও পড়ুন: পুলিশি ঝামেলা এড়াতে মাকে অস্বীকার ছেলে যুগ্ম সচিবের
নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 'বেতনের প্রস্তাব পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে বেতনের জিও জারির পর এটি আইবাস-এ পাঠানো হবে। এজি অফিসের অনুমোদনের পর বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ছাড় হবে।'
এরপর সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের অ্যাকাউন্টে বেতনের টাকা যাবে উল্লেখ করে তিনি বলেন, ‘আগামী সপ্তাহের শেষ দিকে শিক্ষক-কর্মচারীরা মে মাসের বেতন পেতে পারেন।'