ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরিচালক হলেন বিসিএস শিক্ষা ক্যাডার নেতা
দেশের ৩৭তম পাবলিক বিশ্ববিদ্যালয় ‘ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়’-এর পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন বিসিএস শিক্ষা ক্যাডারের এক কর্মকর্তা। যিনি ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে পুনর্গঠিত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন।
বর্তমানে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের বেসরকারি কলেজ শাখার উপ-পরিচালকের (কলেজ-২) দায়িত্ব পালন করছেন। আজ রবিবার (১৭ মে) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ওই কর্মকর্তার নাম অধ্যাপক মো. নওসের আলী। তিনি ২২তম বিসিএস শিক্ষা ক্যাডারের ভূগোলের প্রভাষক হিসেবে যোগদান করেছিলেন বলে জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক মো. নওসের আলীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো। এই কর্মকর্তা আগামী ২০ মের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্ণে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন। কর্মকর্তা আবশ্যিকভাবে নিজ পিডিএসে লগইনপূর্বক অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।
প্রসঙ্গত, বাংলাদেশের মাদ্রাসা শিক্ষাব্যবস্থার শীর্ষ তদারকি প্রতিষ্ঠান ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। এটি রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় অবস্থিত।