বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি বানানো হলো সমাজকল্যাণ-মার্কেটিংয়ের দুই অধ্যাপককে
দেশের অন্তত ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যেই ছয়টিই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ ধরনের প্রতিষ্ঠানে ‘বিজ্ঞান বিশেষজ্ঞ’ অভিজ্ঞ শিক্ষকদের ভিসি পদে নিয়োগ দেওয়ার নিয়ম রয়েছে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের আইনে। তবে দুটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কেটিং ও সমাজকল্যাণ বিভাগের শিক্ষক।
বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে একে একে পৃথক ১১টি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- ইসলামী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. গোলাম রব্বানী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইন্সটিটিউট অব সোস্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চের (আইএসডব্লিউআর) অধ্যাপক হিসিবে কর্মরত ছিলেন।
‘নামটা কিন্তু বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয় হলেও সেখানে সবই আছে। আইইআরও আছে। অথচ আমরা ইন্ডিয়াতে দেখি আইআইটি, ওখানে শুধু বিজ্ঞানের সাবজেক্ট, এখানে সবই আছে। বাংলা, ইংরেজি, ইকোনমিক্স, সমাজবিজ্ঞান সবই এখানে পড়ানো হয়’— মো. মজিবুর রহমান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়টির আইনের ধারা ১০ (১) -এ বলা হয়েছে, ‘চ্যান্সেলর, তদ্কর্তৃক নির্ধারিত শর্তে, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বিশেষজ্ঞ এমন একজন ব্যক্তিকে চার বৎসর মেয়াদের জন্য ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগদান করিবেন: তবে শর্ত থাকে যে, কোনও ব্যক্তি একাদিক্রমে বা অন্যভাবে দুই মেয়াদের বেশী সময়কালের জন্য ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ লাভের যোগ্য হইবেন না।’
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) আইন ২০০১-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে নিয়োগ প্রদান করা হয়েছে। উক্ত ধারায় বলা রয়েছে, ‘চ্যান্সেলর, তদ্কর্তৃক নির্ধারিত শর্তে, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বিশেষজ্ঞ এমন একজন ব্যক্তিকে চার বছর মেয়াদের জন্য ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগদান করিবেন।’
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক মো. মজিবুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমাদের দেশে সাইন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি যে ফিলোসফিতে শুরু হয়েছিল, সেখানে আর নেই। ভিসি একটা ম্যানেজারিয়াল পোস্ট। কিন্তু যদি ওই পজিশনে থাকতো, তাহলে আমরা বলতাম যে একজন বাংলার লোক, ইংরেজি বা কমার্সের লোককে কীভাবে দেয়?’
এখন যেহেতু নামে মাত্র বিজ্ঞান-প্রযুক্তি, সে হিসেবে অন্য বিষয়ে ভিসি দেওয়া আহামরি কোনও অশুদ্ধতা হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা বানিয়েছি বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়। কিন্তু দেখা যাচ্ছে জেনারেল ইউনিভার্সিটি হয়ে গেছে।’
ঢাবি অধ্যাপক বলেন, ‘নামটা কিন্তু বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয় হলেও সেখানে সবই আছে। আইইআরও আছে। অথচ আমরা ইন্ডিয়াতে দেখি আইআইটি, ওখানে শুধু বিজ্ঞানের সাবজেক্ট, এখানে সবই আছে।’ বাংলা, ইংরেজি, ইকোনমিক্স, সমাজবিজ্ঞান সবই এখানে পড়ানো হয় বলে উল্লেখ করেন তিনি।
এদিকে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। তিনি বর্তমানে সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন: নতুন উপাচার্য পেল বুয়েট
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। এর আগে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ছিলেন।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম।
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া।
নিয়োগের শর্ত অনুযায়ী, নবনিযুক্ত উপাচার্যরা যোগদানের তারিখ থেকে চার বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন। উপাচার্য হিসেবে দায়িত্ব পালনকালে তারা তাদের বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি ও অন্যান্য সুবিধা ভোগ করবেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।