১৪ মে ২০২৬, ১৬:০২

আগামীতে এইচএসসি ও ভর্তি পরীক্ষার মাঝে কোনো গ্যাপ থাকবে না

সংবাদ সম্মেলন  © ভিডিও থেকে সংগৃহীত

আগামীতে এইচএসসির রেজাল্ট আউট হওয়ার পরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কোনও গ্যাপ থাকবে না বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, কারণ আমরা চাই যে রেজাল্ট হবে, সাথে সাথে অ্যাডমিশন নেবে। এটাকে সিনক্রোনাইজ করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সচিবালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলে শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘ধরে নিন, আমরা আগামী বছরের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে আয়োজনের পরিকল্পনা করছি। তার মানে সময়সূচি প্রায় ডিসেম্বরের কাছাকাছি চলে আসবে।’

আরও পড়ুন: আগামী বছরের ৬ জুন থেকে ২০২৭ সালের এইচএসসি পরীক্ষা শুরু

তিনি বলেন, ‘যদি আমরা এসএসসিকে আমাদের নির্ধারিত বেসলাইনে ফিরিয়ে আনতে পারি, তাহলে এই শিক্ষার্থীরা যখন উচ্চ মাধ্যমিক পাস করবে। তখন পুরো শিক্ষা কার্যক্রমই নিয়মিত ধারায় ফিরে আসবে। শিক্ষা ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হতে আর মাত্র দুই বছর সময় লাগবে।’