১৩ মে ২০২৬, ১৬:২৪

অর্ধ ডজন বিশ্ববিদ্যালয় নতুন ভিসি পাচ্ছে কাল?

শিক্ষা মন্ত্রণালয়  © ফাইল ছবি

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পাবলিক বিশ্ববিদ্যালয়ে একের পর এক উপাচার্য (ভিসি) পরিবর্তন করা হচ্ছে। গত দুই সপ্তাহে ধরে নতুন আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে পরিবর্তন আনা হচ্ছে বলে গুঞ্জন রয়েছে। সপ্তাহের শেষ কার্যদিবসে আগামীকাল বৃহস্পতিবার (১৪ মে) অন্তত অর্ধ ডজন বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তন হতে পারে বলে মন্ত্রণালয় থেকে আভাস মিলেছে।

যদিও কোন কোন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি আসছে, কারা নতুন দায়িত্ব পাচ্ছেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কেউ মুখ খুলতে চাইছেন না। ফলে কবে কোথায় নতুন নিয়োগ হবে, সেটি বিশ্বস্ত সূত্রে নিশ্চিত হওয়া যায়নি। তবে শুধু ভিসি নয়, কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নতুন প্রো-ভিসিও পাচ্ছে বলে সংশ্লিষ্টরা আভাস দিয়েছেন। এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের শীর্ষ পর্যায় থেকে আসবে বলে কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তন হতে পারে বলে আলোচনা রয়েছে। ইতিমধ্যে শর্ট লিস্টও করা হয়েছে। এগুলো পর্যায়ক্রমে প্রজ্ঞাপন হবে। সরকারের শীর্ষ পর্যায় থেকে চূড়ান্ত অনুমোদন পেলে আনুষ্ঠানিক নিয়োগ পাবেন তারা। বৃহস্পতিবার  কয়েকটির প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে আজ সকাল থেকেই মন্ত্রণালয়ে আলোচনা রয়েছে।

জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভিসি পরিবর্তন হতে পারে বলে কয়েকদিন ধরেই আলোচনা চলছে। এর বাইরে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি), ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়েও নানা ধরনের আলোচনা রয়েছে।

আরও পড়ুন: তারেক রহমানের অগ্রাধিকারে প্রথমও শিক্ষা, দ্বিতীয়-তৃতীয়ও শিক্ষা

ইতিমধ্যে ঢাকা, রাজশাহী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ শীর্ষস্থানীয় কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) পরিবর্তন হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের ভিসি পর্যায়ক্রমে পরিবর্তন হবে। তবে কারা দায়িত্বে আসছেন, সে বিষয়ে কিছু বলতে চাইছেন না তারা।

ইতিমধ্যে শীর্ষস্থানীয় কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তন হয়েছে। গত ১৬ মার্চ ঢাবিসহ একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দেয় সরকার। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসিও পরিবর্তন করা হয়েছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, কুয়েট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ভিসি পেয়েছে। 

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ। গত ৭ মে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. ইস্রাফীল।