১১ মে ২০২৬, ১৪:৫৩

নতুন প্রো-ভিসি পাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো  © টিডিসি সম্পাদিত

দেশের আরও বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাড়াও উপ-উপাচার্য পদেও পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়সহ অন্তত গোটা দশেক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে পরিবর্তন করা হচ্ছে। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়েও নতুন উপ-উপাচার্য নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহর নাম চূড়ান্ত করা হয়েছে।

এ নিয়োগের বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি আপাতত দায়িত্বে পালন করছি। নতুন কেউ এখানে আসছে না। তবে আমরা আপাতত নতুন একজন প্রো-ভিসি পাচ্ছি। অনেকে হয়তো এটাকে উপাচার্য নিয়োগ ভাবতেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে, দেশের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের ভিসি পর্যায়ক্রমে পরিবর্তন হবে। ইতিমধ্যে শীর্ষস্থানীয় কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তন করা হয়েছে। আজকালের মধ্যেই নতুন নিয়োগের প্রজ্ঞাপন জারি হবে। তবে কে দায়িত্বে আসছেন, সে বিষয়ে কিছু জানাননি কর্মকর্তারা।

সূত্র জানায়, দেশের কয়েকটি পাবলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। সে ধারাবাহিকতায় গত ১৬ মার্চ ঢাবিসহ একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দেয় সরকার। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসিও পরিবর্তন করা হয়েছে।

ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, কুয়েট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ভিসি পেয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ।