০৬ মে ২০২৬, ১৬:৩৫

এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বছরে দুইজনের বেশি বদলি নয়

শ্রেণিকক্ষে ক্লাস নিচ্ছেন শিক্ষক  © টিডিসি সম্পাদিত

এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বছরে দুইজনের বেশি শিক্ষক বদলি হতে পারবেন না বলে ‘সংশোধিত বদলি নীতিমালায়’ বলা হয়েছে। আজ বুধবার  বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সংশোধিত বদলি নীতিমালা জারি করা হয়েছে। 

নতুন এ নীতিমালার মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়ার ক্ষেত্রে ১৭টি সাধারণ শর্তাবলি দেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মিজানুর রহমান স্বাক্ষরিত বদলি নীতিমালা ধারা ৩-এর ১৬- উল্লেখিত নির্দেশনা অনুযায়ী, একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে সর্বোচ্চ দুইজন শিক্ষক অগ্রাধিকারভিত্তিতে (নারী ও জ্যেষ্ঠতা) বদলির সুযোগ পাবেন। তবে এক বিষয়ে একজনের অধিক শিক্ষক বদলির সুযোগ পাবেন না। (প্রযোজ্য ক্ষেত্রে)

আরও পড়ুন : শিক্ষকদের বদলি নীতিমালার পরিপত্র জারি, দেখুন এখানে

নীতিমালায় আরও উল্লেখ, একটি পদের জন্য প্রতিযোগী সকল আবেদনকারীর কর্মস্থল একই উপজেলায় হলে তাদের বর্তমান কর্মস্থল যে উপজেলায় সে উপজেলার কেন্দ্র হতে কাঙ্খিত উপজেলার কেন্দ্র-এর দূরত্ব পরিমাপপূর্বক অগ্রাধিকার নির্ধারণ করতে হবে।

একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন উপজেলার হলে তাদের কর্মস্থল যে উপজেলায় সে উপজেলার কেন্দ্র হতে কাঙ্খিত জেলার কেন্দ্র-এর দূরত্ব পরিমাপপূর্বক অগ্রাধিকার নির্ধারণ করতে হবে। একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারীর কর্মস্থল বিভিন্ন জেলায় হলে তাদের স্ব-স্ব জেলার কেন্দ্র হতে কাঙ্খিত জেলার কেন্দ্রের দূরত্ব পরিমাপ করতে হবে। 

আবেদনকারী শিক্ষক বদলির আবেদনে সর্বোচ্চ তিনটি কাঙ্খিত প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। সরকার জনস্বার্থে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বদলী করতে পারবে।