সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি জোরদারের নির্দেশ সরকারের
চলমান এসএসসি ও ও সমমান পরীক্ষা উপলক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি জোরদার করতে নির্দেশনা দিয়েছে সরকারের শিক্ষা মন্ত্রণালয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াসহ প্রয়োজনে মামলা দায়ের করার জন্যও নির্দেশনায় বলা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানা যায়। চিঠিটি প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। এর আগে শিক্ষা মন্ত্রণালয়েরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি অধিদপ্তরে পাঠানো হয়।
চিঠিতে জানা যায়, গত ২১ এপ্রিল থেকে সারাদেশে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা চলাকালীন এবং পরীক্ষা-পরবর্তী সময়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁস সংক্রান্ত গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অপচেষ্টা পরিলক্ষিত হচ্ছে।
‘‘এ প্রেক্ষিতে ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পাবলিক পরীক্ষা সংক্রান্ত যেকোনো ধরনের গুজব, প্রশ্নফাঁসের অপপ্রচার কিংবা বিভ্রান্তিকর তথ্য প্রচার মনিটরিং এর জন্য সাইবার মনিটরিং সেল গঠন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারকারীদের বিরুদ্ধে সিটিটিসিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং প্রয়োজনে মামলা দায়ের করার জন্য নির্দেশ করা হয়েছে।’’