০৯ এপ্রিল ২০২৬, ১৪:১৩

‘সংশোধন হচ্ছে পরীক্ষার খাতা দেখার আইন’

এসএসসির খাতা ও ইনসেটে বিচারের প্রতীকী ছবি  © টিডিসি সম্পাদিত

পরীক্ষার খাতা দেখার আইন সংশোধন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর দনিয়া কলেজে ‘জাতীয় বিশ্ববিদ্যালয়, তথ্য ও প্রযুক্তি বিভাগ এবং ইউনিসেফের’ যৌথ আয়োজনে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। 

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, আমরা পরীক্ষককে বলেছি কখনো কঠিন ও নরম হবেন না। পরীক্ষকের হাতে লাল ও কালো দুইটা কলম থাকত। কালো কলমে খাতা ভরত, লাল কলমে মার্কিং করত, এটা চলবে না। আমি র‌্যান্ডম...খাতা দেখব। কারণ আমাদের ১৯৮০ অ্যাক্ট ছিল, এই অ্যাক্ট অনুযায়ী খাতা দেখার কোনো সুযোগ ছিল না। এই জন্য তখন ফর্ড বা চিট হতো।

তিনি বলেন, পরীক্ষার হল থেকে ভালো ছাত্রের খাতা পাল্টে দিত। পাল্টে দিলে ফলাফল খারাপ হতো। খারাপ হলে ছাত্র পুনরায় মূল্যায়নের জন্য বোর্ডের চেয়ারম্যান টেব্যুলেশন শিট নিয়ে কেবল যোগ করতেন। তিনি ২০+৩০+৮ এটা যোগ করতেন কিন্তু খাতা দেখার কোনো আইন ছিল না। আমি মন্ত্রী থাকার সময় প্রথম এটা আবিষ্কার করি। যেহেতু একটা ছেলে এ+ পাওয়ার পর ফেল করিয়ে দেওয়া হয়েছিল, এটা বহু কষ্টে আইন লঙ্ঘন করে আবিষ্কার করেছিলাম।

আপনারা দেখেন ফলাফল প্রকাশের পর আত্মহত্যা করে, ওই কারণে আত্মহত্যা করে। সেজন্য আমি আইনে সংশোধন করছি, যেন খাতাটা দেখতে পারি। আমার পরীক্ষকরা ঠিকমতো খাতা মূল্যায়ন করছে কিনা সেটা কীভাবে জানব, এজন্য এটা করছি। যে ছেলেটির কথা বলছি, সে ছেলেটা এখন পিজির হার্ট স্পেশালিষ্ট ডা. আতাউল্লাহ, আমি যদি সেদিন এটা না করতাম সে কী পিজির হার্ট স্পেশালিষ্ট হতো। এরকম কত হার্ট স্পেশালিষ্ট আমাদের হাত থেকে হারিয়ে গেছে।