অনলাইন ক্লাস শুরু কবে, জানালেন শিক্ষামন্ত্রী
বৈশ্বিক জ্বালানি সংকট, তীব্র যানজট ও ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার বাস্তবতা বিবেচনায় ঢাকা মহানগরীর কিছু শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন অনলাইন ও তিন দিন অফলাইন ক্লাস হবে। আগামী রবিবার (১২ এপ্রিল) থেকে এসব স্কুল-কলেজে অনলাইন ক্লাস শুরু হবে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শনিবার স্কুলে এসে ক্লাস হবে। রবিবার অনলাইনে, সোমবার অফলাইনে, মঙ্গলবার অনলাইনে, বুধবার অফলাইনে এবং বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হবে। তিনদিন অনলাইনে ও তিন দিন অফলাইনে হবে। এটি মহানগর ও মেট্রোপলিটন এলাকায় হবে। সারা দেশে নয়।’
তিনি বলেন, ‘শিক্ষকরা বিদ্যালয়ে গিয়েই এ অনলাইনে ক্লাস শুরু করবেন। ওয়াইফাইসহ অন্যান্য সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
মেট্রোপলিটন এলাকার যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী বেশি, সেসব প্রতিষ্ঠানে এ সিদ্ধান্ত শুরুতে বাস্তবায়ন হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘সব প্রতিষ্ঠানকে এটিকে বাধ্য করা হচ্ছে না। এমন কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না, যাতে শিক্ষাব্যবস্থায় ধস নামে।’