১৭ মার্চ ২০২৬, ১২:৩৩

শিক্ষকদের বদলির ক্ষেত্রে আরও শর্ত যুক্ত করার চিন্তা

শিক্ষা মন্ত্রণালয়  © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষকদের বদলির শর্তের ক্ষেত্রে আরও কিছু শর্ত যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। আসন্ন ঈদুল ফিতরের পর বিষয়গুলো নিয়ে আলোচনায় বসবে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে বদলির সফটওয়্যার নিয়ে আয়োজিত সভায় এমন প্রস্তাব করা হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলামসহ মন্ত্রণালয় এবং অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে সভায় উপস্থিত এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বদলির ক্ষেত্রে বর্তমান নীতিমালায় তিনটি শর্তকে প্রাধান্য দেওয়া হচ্ছে। নারী দূরত্ব এবং জ্যেষ্ঠতা। এর সঙ্গে সুবিধাজনক আরও কোনো শর্ত যুক্ত করা যায় কি না যেগুলো বদলিতে সহায়ক হবে; সেটি ভেবে দেখার প্রস্তাব এসেছে। ঈদের পর আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’ 

এদিকে শিক্ষকদের বদলির জন্য তৈরিকৃত সফটওয়্যার নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আসন্ন ঈদুল ফিতরের পর বদলির জন্য মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ করা হবে বলে জানা গেছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে সভায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বদলি সফটওয়্যারের ডেমো নিয়ে সবাই সন্তোষ প্রকাশ করেছেন। আসন্ন ঈদের পর মাউশি মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহের কাজ শুরু করবে। এরপর শিক্ষক-কর্মচারীদের বদলির কার্যক্রম শুরু হবে।

ওই কর্মকর্তা আরও বলেন, সভায় প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান শিক্ষক এবং এমপিওভুক্ত কর্মচারীদেরও বদলির আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। এজন্য বদলির মডিউলে এ বিষয়গুলো যুক্ত করতে টেলিটককে নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদের পর এ বিষয়টিও সংশোধন করা হবে।