১৭ মার্চ ২০২৬, ০৯:৩৯

কলেজের ল্যাব সহকারীদের ১৬ গ্রেড নিয়ে যা বলছে মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয়  © ফাইল ছবি

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কলেজ শাখায় কর্মরত এমপিওভুক্ত ল্যাব সহকারীদের বেতন গ্রেডের বৈষম্য দূর করে ন্যূনতম ১৬তম গ্রেড নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ ল্যাব সহকারী ঐক্য পরিষদ। সংগঠনটি বলছে, একই যোগ্যতায় নিয়োগ পাওয়া মাদ্রাসার ল্যাব সহকারীরা ১৬ গ্রেডে বেতন পেলেও তারা ১৮ গ্রেডে বেতন পাচ্ছেন।

কলেজের ল্যাব সহকারীদের এ গ্রেড বৈষম্য কমানোর দাবি প্রসঙ্গে দ্য ডেইলি ক্যাম্পাস কথা বলেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) মো. মিজানুর রহমানের সঙ্গে। তিনি বলেছেন, ‘এমপিও নীতিমালা সংশোধনের পূর্বে প্রার্থীরা আবেদন করলে বিষয়টি সমাধানে কাজ করা যেত। নীতিমালা সংশোধন হওয়ায় বিষয়টি এখন নতুন করে তোলা সম্ভব হবে না। তবে শিক্ষামন্ত্রী নির্দেশ দিলে ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য দূর করতে আমরা কাজ করব।’

এর আগে গ্রেড বৈষম্য নিরসের দাবিতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বরাবর স্মারকলিপি জমা দেয় বাংলাদেশ ল্যাব সহকারী ঐক্য পরিষদ।

জানতে চাইলে বাংলাদেশ ল্যাব সহকারী ঐক্য পরিষদের সভাপতি মো. আরাফাত হোসেন বলেন, আমরা বৈষম্যের শিকার। এই বৈষম্য দূর করতে হবে। ল্যাব সহকারীদের শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে ২য় বিভাগে উন্নীতকরণ করতে হবে। ইনডেক্সধারী সকল ল্যাব সহকারীদের জন্য সকল প্রকার শর্ত শিথিলযোগ্য রেখে স্বয়ংক্রিয়ভাবে সমপর্যায়ে গ্রেড দিতে হবে। ল্যাব সহকারী পদটিকে একাডেমিক স্বীকৃতি প্রদান করতে হবে।

সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ বলেন, ‘একই মন্ত্রণালয়ের অধীনে মাদ্রাসার ল্যাব সহকারীদের ১৬ গ্রেড,  এবং  কলেজের ল্যাব সহকারীদের ১৮ গ্রেড দেওয়া হচ্ছে। এর ফলে কলেজ পর্যায়ের ল্যাব সহকারীদের মধ্যে চরম হতাশা কাজ করছে। অতি দ্রুত কলেজ পর্যায়ে ল্যাব সহকারীদের মাদ্রাসার ন্যায় শিক্ষাগত যোগ্যতা উন্নতি করে ন্যূনতম ১৬ গ্রেড দেওয়ার দাবি জানাচ্ছি।’