১৬ মার্চ ২০২৬, ১৬:৫১

ম্যানেজিং কমিটির সভাপতি হতে ন্যূনতম যোগ্যতা স্নাতক পাস

শিক্ষা মন্ত্রণালয়  © সৌজন্যে পাওয়া

শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে নিয়োগ পেতে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডিতে স্থান পেতে বেস লাইন হবে স্নাতক পাস বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। স্কুল, কলেজ, মাদরাসা, কলেজ সব প্রতিষ্ঠানের জন্যই এই নিয়ম থাকবে। সোমবার (১৬ মার্চ) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

মন্ত্রী বলেন, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি। গভর্নিং বডির চেয়ারম্যান বা প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে আমাদের বেসলাইন হবে স্নাতক (গ্র্যাজুয়েট) ডিগ্রি। তবে শুধু এটুকুতেই সীমাবদ্ধ থাকছি না; যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে আরও বিষয় বিবেচনায় নেওয়া হবে। আমরা চাই যোগ্য ও দক্ষ মানুষদেরই এই কাঠামোর উচ্চতর স্তরে নিয়ে আসতে।

তিনি বলেন, এর আগে বিগত সরকারের সময় যে বিধান ছিল, সেখানে বলা হতো—সিনিয়র শিক্ষক হতে হবে বা হেডমাস্টার হতে হবে। ফলে অনেক ক্ষেত্রেই সুযোগ সীমিত ছিল। আপনারা সাংবাদিকরা জানেন, তখন অনেক সময় নেপোটিজম ও ফেভারিটিজমের অভিযোগও উঠত এবং বিষয়গুলো নিরপেক্ষভাবে আলোচিত হতো না। আমরা মনে করি, সেই ধারা থেকে বের হয়ে এসে সবার জন্য সুযোগের ক্ষেত্র তৈরি করতে হবে। যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে একটি ন্যায্য ও কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে।