প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের আবেদনের সময় পেছাচ্ছে
বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রথান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার নিয়োগের আবেদন আজ রবিবার থেকে শুরুর কথা থাকলেও তা পেছাচ্ছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সংশোধিত নীতিমালা জারি না হওয়ায় আবেদনগ্রহণ শুরু করা যাচ্ছে না বলে জানা গেছে।
রবিবার (১৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের আবেদনে ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা সংক্রান্ত সংশোধিত নীতিমালা জারি করতে পারেনি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। এ কারণে এখনো নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হয়নি। আগামীকাল সোমবার সংশোধিত নীতিমালা জারি না হলে বিজ্ঞপ্তি ও আবেদনগ্রহণ ঈদের পর শুরু করা হতে পারে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করা হচ্ছে। তারা যেন দ্রুত নীতিমালা সংশোধন করে সেজন্য তাগাদা দেওয়া হচ্ছে। আগামীকাল সংশোধিত নীতিমালা জারি হলে কাল থেকেই আবেদনগ্রহণ শুরু করা হবে।’
জানা গেছে, প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের বাতিল হওয়া ৮৬ হাজারের বেশি শিক্ষকের আবেদন ফির ৩৫০ টাকা ফেরত দেওয়া হবে। কোন প্রক্রিয়ায় অর্থ ফেরত দেওয়া হবে সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। মোবাইল ব্যাংকিং অপারেটর বিকাশের মাধ্যমে এ অর্থ ফেরত দেওয়া হতে পারে বলে জানা গেছে।