কারিগরি শিক্ষকদের বকেয়া বেতন নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আপনি যেদিন থেকে কাজ শুরু করেছেন সেদিন থেকেই আপনাকে পারিশ্রমিক দিতে হবে। আমাদের ইসলামে শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই পারিশ্রমিক দেওয়ার কথা বলা হয়েছে। যে নীতিগত এবং আদর্শ গত সেটাও হওয়া দরকার।’
সম্প্রতি দ্য ডেইলি ক্যাম্পাসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রীর কাছে স্কুল-কলেজের শিক্ষকরা চাকরিতে যোগদানের দিন থেকে বেতন পেলেও কারিগরি শিক্ষকরা পান না। তাদের বকেয়া দেওয়া হয় না। এই বৈষম্য দূর করবেন কি না— জানতে চাওয়া হয় শিক্ষামন্ত্রীর কাছে।
জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘এটা বাস্তবে কী হয়েছে তা দেখতে হবে। বৈষম্য হওয়া ঠিক না। যদি হয়ে থাকে তাহলে বিষয়টি দেখতে হবে।’
প্রসঙ্গত, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা যোগদানের দিন থেকে বেতন-ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন। এ দাবিতে সম্প্রতি অধিদপ্তরে স্মারকলিপিও দিয়েছেন তারা। শিক্ষকরা বলছেন, স্কুল-কলেজের শিক্ষকরা যোগদানের দিন থেকে বেতন পেলেও কারিগরি শিক্ষকরা তা পাচ্ছেন না। এর ফলে এক ধরনের বৈষম্য তৈরি হয়েছে।
শিক্ষকদের দাবির প্রেক্ষিতে গত ডিসেম্বর থেকে বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। যদিও ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত কারিগরি শিক্ষকরা ২০২৫ সালের সেপ্টেম্বরে যোগদান করেছেন। অর্থাৎ যোগদানের তিন মাসের বেতন পাচ্ছেন না তারা। যদিও ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পাওয়া স্কুল-কলেজের শিক্ষকরা সেপ্টেম্বর থেকেই বেতন-ভাতা পাচ্ছেন।