০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫২

এমপিওভুক্ত হচ্ছে ১৭১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান

শিক্ষা মন্ত্রণালয়  © ফাইল ছবি

দেশের বেসরকারি নন-এমপিও এক হাজার ৭১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হতে যাচ্ছে। আগামী সপ্তাহে এসব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রের তথ্য অনুযায়ী, ১ হাজার ৭১৯টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার লক্ষ্যে ইতোমধ্যে ৬৭০ কোটি টাকা বরাদ্দ অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

সূত্র বলছে, তিন হাজার ৬১৫টি প্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন করেছিল। এর মধ্যে ১ হাজার ৭১৯টি প্রতিষ্ঠান প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। তালিকায় নিম্ন-মাধ্যমিক প্রতিষ্ঠানের সংখ্যা ৪৭১টি। যেখানে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান ৬২৩টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ১০৫টি এবং ১৪৫টি উচ্চ মাধ্যমিক কলেজ রয়েছে। এছাড়া মাদ্রাসা শিক্ষায় ৭৮টি দাখিল, ২০২টি আলিম এবং ৩৫টি ফাজিল পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘তিন হাজারের বেশি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য আবেদন করেছিল। এর মধ্যে প্রাথমিকভাবে এক হাজার ৭১৯টি প্রতিষ্ঠান বাছাই করা হয়েছে। তবে এটি প্রাথমিক তালিকা। চূড়ান্ত বাছাই থেকে কিছু প্রতিষ্ঠান বাদ যেতে পারে। মূলত অর্থ মন্ত্রণালয় কত টাকা বরাদ্দ দেয় সেটির ওপর চূড়ান্ত তালিকা নির্ভর করবে।’

অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো প্রসঙ্গে জানতে চাইলে ওই কর্মকর্তা আরও বলেন, ‘অর্থ মন্ত্রণালয় থেকে অর্থের জোগানের জন্য একটি চিঠি পাঠানো হয়েছে। অর্থ মন্ত্রণালয় অর্থের বরাদ্দ দেওয়ার পরপরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। আমরা চেষ্টা করছি নির্বাচনের পূর্বেই প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করে প্রজ্ঞাপন জারি করার।’