২৯ নভেম্বর ২০২৬, ১২:২১

পিঠাপুলির আমেজে দীর্ঘ ছুটি, শিক্ষাপ্রতিষ্ঠানে কবে থেকে শুরু অবকাশ

শীতকালীন ছুটিতে যাচ্ছে শিক্ষার্থীরা   © সংগৃহীত

বছরের শেষ সময়টা শিক্ষার্থীদের কাছে বরাবরই একটু অন্য রকম। স্কুল-কলেজে চলছে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি, পরীক্ষা শেষ হলেই শুরু হবে শীতকালীন অবকাশ। কুয়াশামাখা সকাল, খেজুরের রস, ভাপা পিঠা আর পিঠাপুলির মৌ মৌ গন্ধে শীতের দিনগুলো হয়ে উঠবে আরও উপভোগ্য। সেই সঙ্গে বছরজুড়ে পড়াশোনার ব্যস্ততা শেষে মিলবে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানো, ঘোরাঘুরি আর নির্মল আনন্দের সুযোগ। সব মিলিয়ে বছরের শেষ প্রান্তে শিক্ষার্থীদের জন্য অপেক্ষা করছে ছুটি, উৎসব আর আনন্দের এক দারুণ সময়।

শিক্ষার্থীদের সেই আনন্দকে আরও বাড়িয়ে দিচ্ছে শীতকালীন অবকাশের দীর্ঘ ছুটি। শীতের আমেজ, বিভিন্ন দিবস ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে দেশের প্রাথমিক, মাধ্যমিক, মাদরাসা ও কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হচ্ছে টানা ছুটি। প্রতিষ্ঠানভেদে আগামী ১১ ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে ছুটি শুরু হয়ে চলবে ২০২৭ সালের ২ জানুয়ারি পর্যন্ত। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের স্তরভেদে ছুটির সময় ও মেয়াদে রয়েছে ভিন্নতা। কোথাও মিলছে টানা ১২ দিনের ছুটি, আবার কোথাও শিক্ষার্থীরা পাচ্ছে ১৮ দিনের দীর্ঘ অবকাশ।

শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, এবার প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২ দিন, মাদরাসায় ১৬ দিন এবং কলেজে সর্বোচ্চ ১৮ দিনের ছুটি মিলছে। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটি ঘোষণা করবে। বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির সময়সূচি ও মেয়াদ নিচে তুলে ধরা হলো:

প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান
প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে মূল শীতকালীন অবকাশ নির্ধারণ করা হয়েছে ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত। তবে এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি এবং ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা ১৮ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত টানা ১২ দিনের ছুটি পাবে।

মাদরাসা শিক্ষা স্তর
সরকারি ও বেসরকারি ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসায় শীতকালীন অবকাশ নির্ধারণ করা হয়েছে ১৩ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত। এর আগে ১১ ও ১২ ডিসেম্বর এবং পরে ২৫ ও ২৬ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১৬ দিনের ছুটি পাবেন। অর্থাৎ ১১ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে এসব প্রতিষ্ঠান।

কলেজ ও উচ্চমাধ্যমিক স্তর
কলেজ ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শীতকালীন অবকাশ শুরু হবে ১৭ ডিসেম্বর থেকে, চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এর সঙ্গে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের সরকারি ছুটি এবং ২০২৭ সালের ১ ও ২ জানুয়ারির সাপ্তাহিক ছুটি যুক্ত হচ্ছে। ফলে ১৬ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত টানা ১৮ দিনের ছুটি পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ে ছুটির চিত্র
সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার ও নীতিমালা অনুযায়ী শীতকালীন অবকাশ ঘোষণা করে থাকে। ফলে বিশ্ববিদ্যালয়ভেদে ছুটির সময় ও মেয়াদে পার্থক্য থাকবে।

যেমন, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শীতকালীন অবকাশসহ বিভিন্ন দিবস উপলক্ষে টানা ১৮ দিনের ছুটিতে যাচ্ছে। তবে একই সময়ে শীতকালীন ছুটি পাচ্ছেন না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীরা। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার কারণে চলতি শিক্ষাবর্ষের শীতকালীন ছুটি বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাতিল হওয়া ছুটি পরবর্তী পবিত্র রমজান মাসের ছুটির সঙ্গে সমন্বয় করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গত ১২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, শীতকালীন অবকাশ উপলক্ষে টানা আট দিনের ছুটিতে যাচ্ছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি। আগামী ১৮ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে ২৬ ডিসেম্বর থেকে আবার নিয়মিত কার্যক্রম শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রোগ্রামের প্রকাশিত একাডেমিক ক্যালেন্ডার থেকে এ তথ্য জানা গেছে। ক্যালেন্ডার অনুযায়ী, ১৮ ডিসেম্বর (শুক্রবার) থেকে ২৫ ডিসেম্বর (শুক্রবার) পর্যন্ত শীতকালীন অবকাশ নির্ধারণ করা হয়েছে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। পরদিন ২৬ ডিসেম্বর (শনিবার) থেকে যথারীতি একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ও নিজস্ব সিন্ডিকেটের সিদ্ধান্ত ও একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী শীতকালীন ছুটির সময়সূচি নির্ধারণ করবে।