১৮ নভেম্বর ২০২৬, ১৩:৩৬

এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি, দায়ী ১০ কারণ

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।  © বাসস

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীন ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের ফল বিপর্যয়ের পেছনে শিক্ষার্থী ও শিক্ষকসংকট, নিয়মিত পাঠদান না হওয়া, শিক্ষার্থীদের ঝরে পড়া, অভিভাবকত্ব ও তদারকির অভাবসহ ১০টি কারণ চিহ্নিত করেছেন শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের মতে, রাজনৈতিক বিবেচনায় অপরিকল্পিতভাবে প্রতিষ্ঠান স্থাপন এবং শিক্ষকদের পাঠদানে অনীহাও এর অন্যতম কারণ।

ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী আদর্শ স্কুল অ্যান্ড কলেজ এর একটি উদাহরণ। চলতি বছরের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে নিবন্ধিত চার শিক্ষার্থীর মধ্যে তিনজন অংশ নেয়। তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি। গত বছরও প্রতিষ্ঠানটির ছয় পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছিল।

গত পাঁচ বছরের ফলাফল পর্যালোচনায় দেখা যায়, ২০২২ সালে প্রতিষ্ঠানটির ১২ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছিল তিনজন। ২০২৩ সালে ১৭ জনের মধ্যে দুজন এবং ২০২৪ সালে আটজনের মধ্যে দুজন উত্তীর্ণ হয়। এরপর পরীক্ষার্থীর সংখ্যা কমতে থাকে। সর্বশেষ টানা দুই বছর কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

ঢাকা শিক্ষা বোর্ডের কারণ দর্শানোর নোটিশের জবাবে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম মৃধা জানান, দুর্বল, অনিয়মিত ও ঝরে পড়া শিক্ষার্থীদের ভর্তি, উচ্চমাধ্যমিক স্তর এমপিওভুক্ত না হওয়া এবং ইংরেজি ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের শিক্ষক না থাকায় এমন ফল হয়েছে।

মেগচামী আদর্শ স্কুল অ্যান্ড কলেজের পরিস্থিতি দেশের সামগ্রিক চিত্রেরই একটি অংশ। এ বছর দেশের মোট ৯ হাজার ৩৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ২৯৩টি থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ১৮১টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৫৫টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ৫৭টি প্রতিষ্ঠান রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক শাহ শামীম আহমেদ বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস না করা গ্রহণযোগ্য নয়। এর দায় শুধু শিক্ষার্থীদের ওপর চাপানো যায় না। প্রতিষ্ঠানের একাডেমিক কাঠামোর দুর্বলতা ও যথাযথ তদারকির অভাবও এ ধরনের ফলের জন্য দায়ী।

তিনি আরও বলেন, অতীতে রাজনৈতিক বিবেচনায় যেখানে-সেখানে গড়ে ওঠা অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এখন দেশের শিক্ষাব্যবস্থার জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। কোনো কোনো কলেজে শিক্ষার্থীর তুলনায় শিক্ষকের সংখ্যা বেশি। এসব অপ্রয়োজনীয় প্রতিষ্ঠানকে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর এবং কর্মরত শিক্ষকদের কাছাকাছি অন্য প্রতিষ্ঠানে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

শিক্ষার্থীসংকট ও অনিয়মিত পাঠদান
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শূন্য পাস করা ২৯৩টি প্রতিষ্ঠানের ফল বিপর্যয়ের কারণ অনুসন্ধানে সম্প্রতি কলেজপ্রধানদের সঙ্গে বৈঠক করেছে শিক্ষা বোর্ডগুলো। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে না কেন, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

কলেজপ্রধানদের দেওয়া জবাব এবং বোর্ডগুলোর বৈঠকে উঠে আসা তথ্য বিশ্লেষণ করে ১০টি প্রধান কারণ চিহ্নিত করা হয়েছে। এগুলো হলো—প্রয়োজনীয়সংখ্যক শিক্ষার্থী না থাকা, নিয়মিত ক্লাসে অনুপস্থিতি ও ঝরে পড়া, শিক্ষকসংকট, শিক্ষকদের দায়িত্ব পালনে নিষ্ক্রিয়তা, অভিভাবক ও তদারকির অভাব, রাজনৈতিক বিবেচনায় অপরিকল্পিত প্রতিষ্ঠান স্থাপন, পরীক্ষার্থীদের প্রস্তুতির ঘাটতি, অনিয়মিত পরীক্ষার্থী ও কাগজে-কলমে শিক্ষার্থী দেখানো, প্রশাসনিক ও অবকাঠামোগত দুর্বলতা এবং শিক্ষকদের শ্রেণিকক্ষে পাঠদানে অনীহা ও বিকল্প পেশায় যুক্ত থাকা। এ ছাড়া মফস্বলের কিছু কলেজে আসনসংখ্যা নির্ধারণ ও শিক্ষার্থী বণ্টনেও সমন্বয়হীনতা রয়েছে।

শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক ও কলেজ পরিদর্শকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব প্রতিষ্ঠানের অধিকাংশেই প্রয়োজনীয়সংখ্যক শিক্ষার্থী নেই। মফস্বলের প্রতিষ্ঠানে ৩০ জন এবং শহরের প্রতিষ্ঠানে ৪০ জন শিক্ষার্থী থাকার যে কাম্য মানদণ্ড রয়েছে, অনেক প্রতিষ্ঠানই তা পূরণ করতে পারছে না। কোনো কোনো কলেজ ও মাদ্রাসায় শিক্ষার্থীসংখ্যা মাত্র ১ থেকে ১০ জন।

শিক্ষার্থী কম থাকায় এসব প্রতিষ্ঠানে স্বাভাবিক একাডেমিক পরিবেশ গড়ে উঠছে না। অনেক প্রতিষ্ঠানে কাগজে-কলমে শিক্ষার্থী ভর্তি থাকলেও বাস্তবে তারা নিয়মিত ক্লাসে অংশ নেয় না। ভালো প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ না পাওয়া অপেক্ষাকৃত দুর্বল ও ঝরে পড়া শিক্ষার্থীদের একটি অংশ এসব প্রতিষ্ঠানে ভর্তি হলেও তাদের অনেকে পড়াশোনায় নিয়মিত থাকে না।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মুনসী হুমায়ুন কবির বলেন, ঢাকা বোর্ডের অধীন শূন্য পাস করা কলেজগুলোর কোনো কোনোটিতে শিক্ষার্থীসংখ্যা মাত্র ১ থেকে ১০ জন। অনেক প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক থাকলেও তাঁরা নিয়মিত ক্লাস নেন না। আবার মফস্বলে এসব প্রতিষ্ঠানের তুলনায় ভালো কলেজ থাকায় শিক্ষার্থীরা সেসব প্রতিষ্ঠানে চলে যায়।

শুধু শিক্ষার্থী নয়, শিক্ষকসংকটও ফল বিপর্যয়ের অন্যতম কারণ। বোর্ড সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, এমপিওভুক্ত ও নন-এমপিও—উভয় ধরনের প্রতিষ্ঠানের অনেকগুলোতেই গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষক নেই। কোথাও শিক্ষক থাকলেও তাঁরা নিয়মিত ক্লাসে উপস্থিত হন না। আবার কোনো কোনো শিক্ষক পাঠদানের দায়িত্ব যথাযথভাবে পালন না করে বিকল্প পেশায় যুক্ত রয়েছেন।

প্রতিষ্ঠানগুলোর অভিভাবকত্ব ও ব্যবস্থাপনাতেও দুর্বলতা রয়েছে। স্থানীয় গভর্নিং বডি কিংবা সুধী সমাজের পক্ষ থেকে নিয়মিত নজরদারি করা হয় না। প্রতিষ্ঠান গড়ে তোলার পর উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতাদের অনেকেই আর খোঁজখবর রাখেন না। ফলে শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয় না।

রাজনৈতিক বিবেচনায় অপরিকল্পিত প্রতিষ্ঠান
বোর্ড সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব এবং আত্মীয়স্বজন ও পছন্দের ব্যক্তিদের চাকরির সুযোগ তৈরি করতে অনেক ক্ষেত্রে যথাযথ ভৌগোলিক ও শিক্ষার্থীসংক্রান্ত জরিপ ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা হয়েছিল। ফলে প্রয়োজনীয় শিক্ষার্থী ও শিক্ষক ছাড়াই এসব প্রতিষ্ঠান কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান বলেন, শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর প্রধান সমস্যা পর্যাপ্ত শিক্ষার্থী ও শিক্ষক না থাকা। অতীতে রাজনৈতিক প্রভাব কিংবা ব্যক্তিগত সুনাম প্রতিষ্ঠার উদ্দেশ্যে পরিকল্পনা ছাড়াই বিভিন্ন স্থানে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল। বর্তমান মানদণ্ড অনুযায়ী এসব প্রতিষ্ঠানের অনেকগুলোই টিকে থাকতে পারছে না।

ঢাকা শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, অভিভাবকত্ব ও নিয়মিত তদারকির অভাবে প্রতিষ্ঠানগুলো ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। উদ্যোক্তারা প্রাথমিকভাবে প্রতিষ্ঠান গড়ে তোলার পর আর খোঁজ রাখেন না। অন্যদিকে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের অনেকে বিকল্প পেশায় জড়িয়ে পড়ায় পাঠদানের পরিবেশও নষ্ট হয়েছে।

দিনাজপুর বোর্ডে শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি
শিক্ষা বোর্ডগুলোর পরিসংখ্যান অনুযায়ী, গত কয়েক বছরে শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। ২০২৩ সালে এ সংখ্যা ছিল ৪২। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়ায় ৬৫-তে। ২০২৫ সালে এক লাফে বেড়ে হয় ২০২। চলতি বছর তা আরও বেড়ে দাঁড়িয়েছে ২৯৩-এ।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি শূন্য পাস করা প্রতিষ্ঠান দিনাজপুর বোর্ডে। এ বোর্ডের ৪৯টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। রাজশাহী বোর্ডে এ সংখ্যা ৩৯। এ ছাড়া ঢাকা বোর্ডে ২৬টি, ময়মনসিংহে ১৯টি, যশোরে ১৬টি, কুমিল্লায় ১৫টি, বরিশালে ১১টি এবং সিলেট ও চট্টগ্রাম বোর্ডে তিনটি করে প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করেনি।

এবার সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান বলেন, শূন্য পাস করা মাদ্রাসাগুলোতে শিক্ষার্থী ও শিক্ষকসংকট প্রকট। অনেক প্রতিষ্ঠানে শিক্ষার্থীসংখ্যা মাত্র ১ থেকে ১৫ জন। শিক্ষকদের অনেকে নিয়মিত ক্লাসেও আসেন না। এ ধরনের অকার্যকর প্রতিষ্ঠান চালু না রেখে বড় প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করা অথবা কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করা উচিত।

কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ বলেন, শূন্য পাস করা কারিগরি প্রতিষ্ঠানগুলোর অধিকাংশই দীর্ঘদিন ধরে নন-এমপিও হিসেবে নিজেদের সীমিত অর্থায়নে নামমাত্র কার্যক্রম চালিয়ে আসছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষক—উভয় সংকট রয়েছে। এ কারণেই ফলাফলে এমন বিপর্যয় দেখা দিয়েছে।

শুধু শূন্য পাস করা প্রতিষ্ঠান নয়, ২০ শতাংশের কম শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে—এমন প্রতিষ্ঠানের সংখ্যাও উদ্বেগজনক। আন্তঃশিক্ষা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর শূন্য পাস করা ২৯৩টি প্রতিষ্ঠানের বাইরে ৫৭টি প্রতিষ্ঠানে পাসের হার শূন্য থেকে ৫ শতাংশের মধ্যে। ২২১টি প্রতিষ্ঠানে এ হার ৫ থেকে ১০ শতাংশ এবং ৯১১টি প্রতিষ্ঠানে ১০ থেকে ২০ শতাংশের মধ্যে।

অর্থাৎ, শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর বাইরে আরও ১ হাজার ১৮৯টি প্রতিষ্ঠানে পাসের হার ২০ শতাংশের নিচে। সব মিলিয়ে ১ হাজার ৪৮২টি প্রতিষ্ঠানে পাসের হার ২০ শতাংশের কম।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান বলেন, কারণ দর্শানোর নোটিশের জবাব পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। প্রতিষ্ঠানগুলোর ব্যাখ্যা সন্তোষজনক না হলে এমপিও এবং একাডেমিক স্বীকৃতি বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

সূত্র: বাসস