৩১ অক্টোবর ২০২৬, ০৯:১৫

ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে গিয়ে আটক ৩৫ শিক্ষার্থী, অভিভাবকদের জিম্মায় মুক্তি

ক্লাস ফাঁকি দিয়ে ঘোরাঘুরি করার সময় আটক শিক্ষার্থীরা  © সংগৃহীত

স্কুল, কলেজ ও মাদ্রাসার পোশাক পরে ক্লাস ফাঁকি দিয়ে ঘোরাঘুরি করার সময় ৩৫ শিক্ষার্থীকে আটক করেছে প্রশাসন। পরে অভিভাবকদের ডেকে তাঁদের জিম্মায় শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিভিন্ন বিনোদনকেন্দ্রে আকস্মিক অভিযান চালিয়ে এসব শিক্ষার্থীকে আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান।

ইউএনও জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং শিক্ষার্থীদের ক্লাস ফাঁকি দিয়ে ঘোরাঘুরি বন্ধ করে পড়ালেখায় মনোযোগী করতে এ অভিযান চালানো হয়। অভিযানে বেশ কয়েকজন শিক্ষার্থীকে স্কুল, কলেজ ও মাদ্রাসার পোশাক পরা অবস্থায় বিভিন্ন বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরি করতে দেখা যায়।

তিনি আরও জানান, পরে তাঁদের আটক করে উপজেলা পরিষদে নিয়ে আসা হয়। খবর পেয়ে শিক্ষার্থীদের অভিভাবকেরা সেখানে উপস্থিত হন। এরপর তাঁদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের সতর্ক করার পাশাপাশি নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা এবং পড়ালেখায় মনোযোগী হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।