কেন পাঠদান বন্ধ হবে না, ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানকে নোটিশ দিল বোর্ড
দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না করা দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। নোটিশে আগামী ৭ দিনের মধ্যে কেন এসব প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত এবং পাঠদানের অনুমোদন বাতিল বা প্রত্যাহার করা হবে না তার লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের যেসকল প্রতিষ্ঠানে দীর্ঘ দিন যাবৎ শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে না সে সকল প্রতিষ্ঠানকে আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ হতে ভর্তি কার্যক্রম স্থগিতসহ প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন কেন বাতিল/প্রত্যাহার করা হবে না মর্মে গত ২২ জুলাইয়ের মধ্যে ব্যাখ্যা প্রদানের জন্য ওয়েব সাইটে নোটিশ প্রদান করা হয়। কিন্তু উক্ত বিষয়ে কিছু প্রতিষ্ঠানের ব্যাখ্যা পাওয়া গেলেও, বাকি প্রতিষ্ঠান অদ্যবধি কোনো প্রকার ব্যাখ্যা প্রদান করেননি।
এতে আরও বলা হয়, তালিকাভুক্ত যেসব প্রতিষ্ঠান অদ্যাবধি ব্যাখ্যা প্রদান করেননি তাদেরকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে উল্লিখিত বিষয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রম পরিচালনার লক্ষ্যে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদান সংক্রান্ত নীতিমালা-২০২৪ এর উপবিধি ৪.২, ৪.৪ এবং ৫.৪ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানের ভর্তি, ফলাফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, আসবাবপত্র, যন্ত্রপাতি, লাইব্রেরি, পাঠদানের অনুমতি প্রদানকালে আরোপিত এবং অন্যান্য প্রযোজ্য শর্তাবলি পূরণে ব্যর্থ হলে সরকারের অনুমোদনক্রমে বোর্ড প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি বাতিল বা প্রত্যাহার করতে পারবে।
৬২১টি প্রতিষ্ঠানের তালিকা দেখুন এখানে