৩১ মে ২০২৬, ২২:২০

শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলছে?

ছুটি শেষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা পুনরায় ফিরছেন না চলতি সপ্তাহে  © প্রতীকী ছবি

টানা সাতদিনের সরকারি ছুটি শেষে সোমবার (১ জুন) খুলছে সরকারি-বেসরকারি সব অফিস, ব্যাংক, বিমা ও পুঁজিবাজার। এ বছর ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। সঙ্গে সাপ্তাহিক বন্ধ মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা একটানা সাতদিনের ছুটি উপভোগ করেছেন। দীর্ঘ ছুটি শেষে আগামীকাল থেকে লাখো কর্মজীবী মানুষ নিজ কর্মস্থলে ফিরবেন।

তবে ছুটি শেষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা পুনরায় ফিরছেন না চলতি সপ্তাহে। ‎‎ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি চলবে আগামী বৃহস্পতিবার (৪ জুন) পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় পাঠদান শুরু হবে আগামী রবিবার (৭ জুন) থেকে। ‎

‎অন্যদিকে, দেশের সব মাদ্রাসার আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলবে আরও দেরিতে। মাদ্রাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। পরবর্তী ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি থাকায় ১৪ জুন (রবিবার) থেকে পুনরায় শ্রেণিকক্ষ খুলবে।

গত ২৪ মে ছুটি শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীরা মূলত ২১ মে ক্লাসের পরেই ছুটিতে যাওয়ার সুযোগ পান। ২২ ও ২৩ মে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি ছিল।

এদিকে, ঈদুল আজহার ছুটির সঙ্গে গ্রীষ্মকালীন অবকাশ থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক মাসের লম্বা ছুটি পেয়েছেন। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ সোমবার থেকে শুরু হবে।

তবে রাজশাহীসহ বেশির ভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ে আগামী রবিবার থেকে শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা পুনরায় ফিরছেন। তাদের ছুটি শেষ হবে আগামী বৃহস্পতিবার। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় পাঠদান শুরু হবে আগামী রবিবার থেকে। ‎