১৩ নভেম্বর ২০২৬, ১৬:০৮

শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের শর্তাবলি নিয়ে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিটি ভুয়া

ভুয়া বিজ্ঞপ্তি  © টিডিসি সম্পাদিত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ/সরকারিকরণের শর্তাবলি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে সরকারিকরণের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানকে ৫টি শর্ত বেঁধে দেওয়া হয়েছে। আজকের তারিখে (১৩ নভেম্বর) প্রকাশিত ওই বিজ্ঞপ্তিটি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে খুঁজে পাওয়া যায়নি।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শুক্রবার ও শনিবার সাপ্তাহিক সরকারি ছুটির দিনে এরকম বিজ্ঞপ্তি প্রকাশিত হয় না। সাধারণত জরুরি কোনো বিজ্ঞপ্তি/আদেশ এই দুটি দিনে প্রকাশিত হয়ে থাকে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের শর্তাবলি নিয়ে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিটি কোনো জরুরি বিজ্ঞপ্তি নয় বলে জানিয়েছে মন্ত্রণালয়।

অপরদিকে, ছড়িয়ে পড়া ওই বিজ্ঞপ্তিতে স্মারক নম্বর সঠিকভাবে দেওয়া নেই। এছাড়া সেখানে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তার নাম, পদবি ও স্বাক্ষর ছিল না।

বিজ্ঞপ্তি নয়, নীতিমালা প্রকাশ হবে
শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের শর্তাবলি নিয়ে বিজ্ঞপ্তি নয়, নীতিমালা প্রকাশ করে থাকে মন্ত্রণালয়। জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের নীতিমালার খসড়া প্রস্তুত করা হয়েছে।

এ বিষয়ে শিগ্‌গির একটি সভা করে খসড়াটি চূড়ান্ত করা হবে। এরপর আনুষ্ঠানিকভাবে নীতিমালা প্রকাশ করা হবে।

নীতিমালায় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষকের যোগ্যতা, জমি, অবকাঠামো, গ্রন্থাগার, পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ এবং সহশিক্ষা কার্যক্রমসহ বেশ কিছু শর্ত নির্ধারণ করা হয়।