চট্টগ্রাম বোর্ডে ৮ম শ্রেণির রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন অষ্টম শ্রেণির ২০২৬ সালের রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত করা হয়েছে। রবিবার (২২ নভেম্বর) বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে ২০২৬ সালের অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত করা হয়েছে।
বোর্ডের আওতাধীন নিম্নমাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং অষ্টম শ্রেণি চালু থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে এ সিদ্ধান্তের বিষয়ে অবহিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৭ নভেম্বর স্মারক নম্বর ২৫০৪ (২)-এর মাধ্যমে অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন নিয়ে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, সেটিও বাতিল করা হয়েছে।
তবে রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিতের কারণ সম্পর্কে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।