সুযোগ পেয়েও ঝরে পড়ল এইচএসসিতে ফেল করা অর্ধলাখের বেশি শিক্ষার্থী!
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় বসার সুযোগ দিয়েছে সরকার। তবে এই সুযোগ পেয়েও পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেননি ৫৬ হাজার ৯৯৪ জন শিক্ষার্থী। এক মাসের মধ্যে আবারও পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হওয়ার সুযোগ থাকলেও কেন এই অর্ধ লাখের বেশি শিক্ষার্থী ঝরে পড়ল তা জানা যায়নি।
শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে সম্পূরক পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন ৩ লাখ ৬৫ হাজার ৯১১ জন। অর্থাৎ অকৃতকার্য শিক্ষার্থীদের প্রায় ১৩ দশমিক ৫ শতাংশ সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার আবেদন করেননি।
আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে সম্পূরক পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ১৫ ডিসেম্বর। এক বা দুই বিষয়ে অকৃতকার্য নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদের জন্য এ পরীক্ষার আয়োজন করা হচ্ছে। গত ৯ নভেম্বর পর্যন্ত ফরম পূরণের সুযোগ ছিল। আর ফি জমা দেওয়ার শেষ সময় ছিল ১০ নভেম্বর।
বোর্ডভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, সম্পূরক পরীক্ষায় অংশ নিতে সবচেয়ে বেশি ফরম পূরণ করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা। এ বোর্ডে আবেদনকারীর সংখ্যা ৭১ হাজার ১৬৭ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড, যেখানে ফরম পূরণ করেছেন ৪৭ হাজার ৮৬৯ জন। অন্যদিকে সবচেয়ে কম আবেদন পড়েছে বরিশাল শিক্ষা বোর্ডে, ১৪ হাজার ৪০৬ জন।
অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে যশোর বোর্ডে ৩৯ হাজার ২৩২ জন, দিনাজপুর বোর্ডে ৩৭ হাজার ৯১১ জন, চট্টগ্রাম বোর্ডে ৩১ হাজার ৫৪১ জন, কুমিল্লা বোর্ডে ২৭ হাজার ৬৫৩ জন, সিলেট বোর্ডে ২১ হাজার ৪২০ জন এবং ময়মনসিংহ বোর্ডে ২১ হাজার ৩১৮ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেছেন।
এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ১৮ হাজার ৬৪০ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ৩৪ হাজার ৭৫৪ জন পরীক্ষার্থী সম্পূরক পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন।