০৭ নভেম্বর ২০২৬, ২০:৪২

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন পড়ল দ্বিগুণেরও বেশি

শিক্ষার্থী  © ফাইল ফটো

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ফল পুনঃনিরীক্ষণের জন্য আড়াই লাখেরও বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। এই শিক্ষার্থীরা ১০ লাখেরও বেশি খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছেন। যা ২০২৫ সালের তুলনায় দ্বিগুণেরও বেশি।

শনিবার (৭ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একটি সূত্র জানিয়েছে, এইচএসসিতে ৯টি সাধারণ বোর্ডের ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন পরীক্ষার্থী ফল চ্যালেঞ্জ করেছেন। এই শিক্ষার্থীরা ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি খাতা চ্যালেঞ্জ করেছেন। ২০২৫ সালে এইচএসসির ফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন  ১ লাখ ৯৮ হাজার ১১৬ পরীক্ষার্থী। তারা ৫ লাখ ৮ হাজার ১১৬টি খাতা চ্যালেঞ্জ করেছিলেন।

বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান। তিনি বলেন, ‘আবেদনকারী এবং খাতা চ্যালেঞ্জের সংখ্যা আরও বাড়তে পারে। কেননা আবেদনের সময় কয়েক ঘণ্টা বাড়ানো হতে পারে।’

জানা গেছে, গত ৩১ অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হয়। ঘোষিত ফল অনুযায়ী, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ৫২ দশমিক ১২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। এছাড়া মাদরাসা বোর্ডে পাশের হার ৬১ দশমিক ০৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৫০ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৮৮৬ জন শিক্ষার্থী।

তবে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ২ লাখ ৯৮ হাজার ৪০ শিক্ষার্থী এক বিষয়ে এবং ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন।