এসএসসির ট্রান্সক্রিপ্ট বিতরণের সময় জানাল ঢাকা বোর্ড, কোন জেলায় কবে
চলতি বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল নম্বরপত্র (ট্রান্সক্রিপ্ট) বিতরণ শুরু হবে আগামী ৩ নভেম্বর। এটি চলবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত। বুধবার (২৮ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি এই বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা অধ্যক্ষকে পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত এই দিনগুলোতে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বোর্ডের ৪ নং ভবনের ৫ম তলায় অবস্থিত সনদ শাখা থেকে এই নম্বরপত্র বিতরণ করা হবে।
এতে আরও বলা হয়, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অথবা তার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি প্রাধিকারপত্র, উত্তীর্ণ শিক্ষার্থীর বিভাগভিত্তিক তালিকা এবং তিনটি সত্যায়িত নমুনা স্বাক্ষর জমা দিয়ে মূল নম্বরপত্র সংগ্রহ করতে পারবেন। তবে এ ক্ষেত্রে ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি বা অ্যাডহক কমিটির সিদ্ধান্তের কপি জমা দিতে হবে। পাশাপাশি আবেদনপত্রে কমিটির সভাপতি বা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকা বাধ্যতামূলক।
এসব কাগজ ছাড়া কোনো অবস্থাতেই মূল নম্বরপত্র বিতরণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩ নভেম্বর মুন্সিগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুর জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নম্বরপত্র সংগ্রহ করতে পারবে। ৪ নভেম্বর শরীয়তপুর ও মানিকগঞ্জ, ৫ নভেম্বর গাজীপুর ও রাজবাড়ী, ৮ নভেম্বর নারায়ণগঞ্জ ও টাঙ্গাইল জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নম্বরপত্র সংগ্রহ করবে।
এ ছাড়া ৯ নভেম্বর নরসিংদী, ঢাকা জেলা ও গোপালগঞ্জ এবং ১০ নভেম্বর কিশোরগঞ্জ ও ঢাকা মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মূল নম্বরপত্র সংগ্রহ করতে পারবে।