আজ নোটিশ দেবে না বোর্ড, প্রধানমন্ত্রীও রাষ্ট্রীয় সফরে, ২৯ অক্টোবর কি এইচএসসির ফল হচ্ছে?
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ নিয়ে আজ সোমবার নোটিশ দেওয়ার কথা থাকলেও সেটি দেবে না আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ফল প্রকাশের বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করতে না পারায় নোটিশ দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে বলে জানা গেছে।
সোমবার (২৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নয়টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন এমন চারজন কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের বিষয়টি এখনো প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করা হয়নি। প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় এটি সম্ভব হয়ে ওঠেনি। আজ সোমবার বাংলাদেশ সময় রাতে অথবা আগামীকাল মঙ্গলবার সকালে ফল প্রকাশের বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে।
সূত্রের তথ্য বলছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে মৌখিকভাবে ফল প্রকাশের অনুমতি নেওয়ার পর আগামীকাল মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। তবে কোনো কারণে প্রধানমন্ত্রীর অনুমোদন না মিললে পরবর্তীতে আলোচনা করে করণীয় নির্ধারণ করা হবে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে সভায় উপস্থিত সরকারের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ফল প্রকাশের বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্রুত অবহিত করা হবে। আশা করছি তিনি ফল প্রকাশের অনুমোদন দিয়ে দেবেন। অনুমতি পাওয়া মাত্র ফল প্রকাশের বিজ্ঞপ্তি বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হবে।
এর আগে শনিবার (২৪ অক্টোবর) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফলাফল আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলাফলসংক্রান্ত বিস্তারিত তথ্য আগামী ২৬ অক্টোবর (সোমবার) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
এ বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসকে অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, এইচএসসির ফল আগামী বৃহস্পতিবার প্রকাশ করা হবে। এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন।