এইচএসসির ফল: কাল সোমবার যা জানা যাবে
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। ফল প্রকাশের সময় ও ফল জানার পদ্ধতিসহ বিস্তারিত তথ্য আগামী সোমবার (২৬ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ফল প্রকাশের প্রস্তুতি নিয়ে শিক্ষা বোর্ডগুলো প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নির্ধারিত তারিখে দেশের সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। হিসেবে ২৯ অক্টোবরের আগে ফল দেখার সুযোগ নেই। তবে কীভাবে ফল প্রকাশ, কোন কোন উপায়ে দেখা যাবে; এ সংক্রান্ত তথ্যাদি আগেই জানা যাবে।
বোর্ড বলছে, আগামী সোমবার তথা কাল প্রকাশিত বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের নির্দিষ্ট সময়, অনলাইনে ফল দেখার নিয়ম এবং এসএমএসের মাধ্যমে ফল জানার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে। এর মাধ্যমে পরীক্ষার্থী ও অভিভাবকেরা ফল প্রকাশের দিন কীভাবে ফল সংগ্রহ করবেন, সে বিষয়ে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।
এর আগে শনিবার (২৪ অক্টোবর) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফলাফল আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলাফলসংক্রান্ত বিস্তারিত তথ্য আগামী ২৬ অক্টোবর (সোমবার) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
এ বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসকে অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, এইচএসসির ফল আগামী বৃহস্পতিবার প্রকাশ করা হবে। এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন।