এইচএসসির ফল প্রকাশের বিস্তারিত জানা যাবে সোমবার
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের বিস্তারিত তথ্য আগামী সোমবার (২৬ অক্টোবর) জানাবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই দিন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফল প্রকাশের সময় ও ফল জানার পদ্ধতিসহ প্রয়োজনীয় তথ্য জানানো হবে। তবে পরীক্ষার ফল আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
আজ শনিবার (২৪ অক্টোবর) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান।
এর আগে এক বিজ্ঞপ্তিতে ফলাফল প্রকাশের সময় জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফলাফল আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলাফলসংক্রান্ত বিস্তারিত তথ্য আগামী ২৬ অক্টোবর (সোমবার) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
এ বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসকে অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, এইচএসসির ফল আগামী বৃহস্পতিবার প্রকাশ করা হবে। এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন।